বাংলাদেশ ডেস্ক
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বর্তমান সমাজ থেকে সকল ধরনের অপশক্তি দূর করতে হবে এবং এই সংগ্রামে দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে পাশে থাকার আহ্বান জানানো হচ্ছে। তিনি বলেন, নাগরিকরা যেন নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করতে পারেন, সরকার সেই পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় ঝিনাইদহের শৈলকুপা রামগোপাল মন্দির চত্বরে পূজা উদযাপন পরিষদের আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী তার বক্তব্যে বলেন, ‘ধর্ম যার যার, উৎসব সবার’—এই চেতনা ধারণ করে দেশের সকল নাগরিককে একসঙ্গে কাজ করতে হবে। পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে একটি বৈষম্যহীন ও সুন্দর সমাজ গড়ে তোলার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি আরও উল্লেখ করেন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা এবং সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ। এছাড়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নোমান হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ আশিস বিন হাছান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ এবং বিশিষ্ট শিল্পপতি বিদ্যুৎ কুমার বিশ্বাসসহ বিভিন্ন শ্রেণি-পেশার স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ভক্তবৃন্দ।
আলোচনা সভা শেষে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শৈলকুপা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠান শেষে উপস্থিত ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে পুরো অনুষ্ঠান সম্পন্ন হয়।


