যে কারণে পাকিস্তান ক্রিকেটকে সাহায্য করতে চান না ওয়াসিম আকরাম

যে কারণে পাকিস্তান ক্রিকেটকে সাহায্য করতে চান না ওয়াসিম আকরাম

পাকিস্তান ক্রিকেটের বর্তমান পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করেছেন দেশটির কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। তার মতে, দেশের ক্রিকেট কাঠামোর সমস্যা এতটাই গভীরে পৌঁছে গেছে যে শুধু খেলোয়াড় কিংবা পাকিস্তান ক্রিকেট বোর্ডকে দায়ী করে এর সমাধান করা সম্ভব নয়।

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মাঠে নামার আগে পাকিস্তানের পারফরম্যান্স নিয়ে বড় শঙ্কা প্রকাশ করেছেন আকরাম। তার ধারণা, এ ম্যাচেও পাকিস্তান হারতে পারে এবং ইংল্যান্ডের কাছে ৩-০ ব্যবধানে সিরিজ হারের লজ্জা পেতে পারে।

দলের সাম্প্রতিক পারফরম্যান্স বিশ্লেষণ করে আকরাম বলেন, ‘সিরিজ শুরুর আগেই আমি জানতাম, ইংল্যান্ডের কাছে আমরা ৩-০ ব্যবধানে হারব। আমাদের ব্যাটিং সংগ্রাম করছে, বোলিং গড়পড়তা এবং ফিল্ডিং আরও খারাপ। এটা কোনো রকেট সায়েন্স নয়।’

তবে দলের ব্যর্থতার জন্য শুধু খেলোয়াড়দের দায়ী করতে নারাজ সাবেক এই অধিনায়ক। তার মতে, সমস্যার পেছনে খেলোয়াড়দের মানসিকতাও যেমন ভূমিকা রাখছে, তেমনি ক্রিকেট পরিচালনার কাঠামোগত দুর্বলতাও বড় কারণ।

আকরাম পাকিস্তানের একটি প্রচলিত প্রবাদ টেনে বলেন, ‘দুই হাত ছাড়া যেমন তালি বাজে না, তেমনি সমস্যার জন্য দুই পক্ষই দায়ী।’

পাকিস্তান ক্রিকেটকে ঘুরে দাঁড় করাতে তাকে প্রায়ই কোনো ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। কিন্তু আকরামের মতে, বর্তমান সংকট এতটাই গভীর যে একা তার পক্ষে সেটি পরিবর্তন করা সম্ভব নয়।

সুলতান অব সুইংখ্যাত কিংবদন্তি এই পেসার বলেন, ‘সব সময় আমাকে জিজ্ঞেস করা হয়, পাকিস্তান ক্রিকেটকে সাহায্য করতে আমি কিছু করতে পারি কি না। কিন্তু সমস্যাগুলো আরও গভীরে। এগুলোই আমাদের সেরা খেলোয়াড়; এর নিচে কার্যকর কোনো ব্যবস্থা নেই।’

বিশেষ করে ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটের কাঠামো নিয়ে প্রশ্ন তুলেছেন আকরাম। তার মতে, গত কয়েক বছরে এই কাঠামোতে ধারাবাহিকতা ও ধৈর্যের অভাব দেখা গেছে। আর এর প্রভাব জাতীয় দল পর্যন্ত পৌঁছে যাচ্ছে।

আকরামের ভাষায়, ‘ঘরোয়া প্রথম শ্রেণির কাঠামো গত কয়েক বছরে পুরোপুরি এলোমেলো হয়ে গেছে। কোনো ধারাবাহিকতা নেই, ধৈর্যও নেই।’

শুধু ক্রিকেটার বা বোর্ড নয়, এই অস্থিরতার প্রভাব সমর্থকদের মধ্যেও পড়ছে বলে মনে করেন তিনি। দল হারলেই সমর্থকদের মধ্যে পুরো ব্যবস্থাকে ভেঙে নতুন করে শুরু করার দাবি ওঠে। কিন্তু বারবার পরিবর্তনের ফলে এখন কার্যকর কাঠামোই অনেকটা অবশিষ্ট নেই বলে মনে করেন পাকিস্তানের সাবেক এই পেসার।

খেলাধূলা