ভেনিস উৎসবে পুরষ্কার জিতল ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

ইতালি থেকে ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা নামার আগেই বাংলাদেশের সিনেমার জন্য এলো এক ঐতিহাসিক সুখবর। উৎসবের অরিজোন্তি (Orizzonti) প্রতিযোগিতামূলক বিভাগে ব্যাপক প্রশংসা কুড়ানোর পর ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ক্রিটিকসদের বিচারে ‘বিসাতো দো’ওরো’ ক্রিটিক অ্যাওয়ার্ড অর্জন করেছে রুবাইয়াত হোসেন পরিচালিত ও রচিত চলচ্চিত্র ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’।

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতামূলক বিভাগে নির্বাচিত প্রথম বাংলাদেশি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে এটি ইতোমধ্যে ইতিহাস গড়েছে। এবার উৎসবের ক্রিটিকসদের কাছ থেকে এই স্বাধীন স্বীকৃতি পাওয়ায় চলচ্চিত্রটি নতুন এক আন্তর্জাতিক মাইলফলক স্পর্শ করলো।

সমকালীন ঢাকাকে পটভূমি করে নির্মিত এই সিনেমার গল্প জাইনিন নামের এক তরুণীকে ঘিরে। বিয়ের প্রস্তুতি ও সৌন্দর্যচর্চার নানা আচারের মধ্য দিয়ে যেতে গিয়ে সে আবিষ্কার করে তার শরীর এক অপ্রত্যাশিত পরিবর্তনের রূপ নিচ্ছে। নারীবাদী ফোক হরর, বডি হরর ও অতিপ্রাকৃত উপাদানের মিশেলে এটি নির্মিত হয়েছে।

পুরস্কার প্রাপ্তি প্রসঙ্গে পরিচালক রুবাইয়াত হোসাইন বলেন, ‘নারীরা কীভাবে নিজেদের শরীরকে ধারণ ও নিয়ন্ত্রণ করতে শেখে, সেই ভাবনা থেকে অত্যন্ত অন্তরঙ্গ জায়গা থেকে সিনেমাটি বানিয়েছি। ক্রিটিকসদের এই স্বীকৃতি আমার জন্য গভীরভাবে অর্থবহ। আমি চাই দর্শকরা বাংলাদেশকে শুধু সামাজিক বাস্তবতায় নয়—বরং কল্পনা, লোককথা ও সৌন্দর্যের মধ্য দিয়েও দেখুক।’

আন্তর্জাতিক মহলেও সিনেমাটি পেয়েছে ব্যাপক প্রশংসা। বিখ্যাত চলচ্চিত্র বিষয়ক মাধ্যম IndieWire দক্ষিণ এশিয়ার বিয়ের প্রচলিত ধারাকে চমৎকার ‘feminist folk horror’-এ রূপান্তরের জন্য পরিচালক রুবাইয়াত হোসেনের নির্মাণশৈলীর ভূয়সী প্রশংসা করেছে।

ফ্রাঁসোয়া দার্তেমার প্রযোজিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ বাংলাদেশ, ফ্রান্স, জার্মানি, নরওয়ে ও পর্তুগালের একটি যৌথ প্রযোজনা। ভেনিসে বিশ্ব প্রিমিয়ারের সাফল্য শেষে এবার টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উত্তর আমেরিকার প্রিমিয়ারের মাধ্যমে চলচ্চিত্রটি আন্তর্জাতিক উৎসব যাত্রা অব্যাহত রাখবে।

আন্তর্জাতিক