ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি

শাহজালাল বিমানবন্দরে তাকে স্বাগত জানান মঈন খান ও হুমায়ুন কবির, সার্ককে পুনরুজ্জীবিত করার ক্ষেত্রে সমর্থনের অনুরোধ।

ঢাকায় যাত্রাবিরতির সময় শাহজালাল বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগেকে স্বাগত জানান স্থানীয় সরকারমন্ত্রী আবদুল মঈন খান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

জার্মানি যাওয়ার পথে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতি করেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে।

শুক্রবার দুপুরে পৌনে এক ঘন্টার ট্রানজিটের এ সময়ে তাকে বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী আবদুল মঈন খান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বার্তায় এ তথ্য দিয়ে বলা হয়, দুপুর ১টা ৫৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ভুটানের প্রধানমন্ত্রী।

বিরতি শেষে চার্টার্ড ফ্লাইটে জার্মানির উদ্দেশ্যে রওনা করেন তিনি।

পরে পৃথক এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় বলেছে, সংক্ষিপ্ত মতবিনিময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের উষ্ণ অভ্যর্থনা ভুটানের প্রধানমন্ত্রীকে পৌঁছে দিয়েছেন মন্ত্রী ও প্রতিমন্ত্রী।

“বাংলাদেশ ও ভুটানের মধ্যকার অসাধারণ বন্ধুত্বের বন্ধন নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন মন্ত্রীরা। ১৯৭১ সালে প্রথম দেশ হিসেবে বাংলাদেশকে ভুটানের স্বীকৃতির পর থেকে এই বন্ধন ক্রমান্বয়ে জোরদার হয়েছে।”

পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনার কথা তুলে ধরে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ভুটানের গেলেপু মাইন্ডফুলনেস সিটির (জিএমসি) উন্নয়নে অবদান রাখার বিষয়ে বাংলাদেশের গভীর আগ্রহ প্রকাশ করেছেন দুই মন্ত্রী ও প্রতিমন্ত্রী। পেশাদারদের পাশাপাশি দক্ষ ও আধা-দক্ষ মানবসম্পদ পাঠানোর কথা বিশেষভাবে বলেছেন তারা।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সমৃদ্ধ দক্ষিণ এশিয়া গড়ার ক্ষেত্রে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাবনার কথা স্মরণ করে এই অঞ্চল ও এর জনগণের সমন্বিত উপকারের জন্য সার্ককে পুনরুজ্জীবিত করার ক্ষেত্রে ভুটানকে সমর্থনের অনুরোধ করেছেন মঈন খান ও হুমায়ুন কবির।

এ সময় ঢাকায় ভুটানের রাষ্ট্রদূত দাশো কর্মা হামু দর্জিসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

চীনা যুদ্ধজাহাজের শুভেচ্ছা সফর: বঙ্গোপসাগরের ভূরাজনীতিতে বাংলাদেশের অবস্থান

সংকট যখন সবার, সমাধান কেন শুধু সরকারি চাকরিজীবীদের জন্য

পাকিস্তানের স্কলারশিপ কেলেঙ্কারি: বাংলাদেশি শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণার দায় কার?

দেয়ালের ছবি নয়, লড়াইটি আসলে ইতিহাসের কর্তৃত্ব নিয়ে

জাতীয়