চীনের দুই নৌযান পরিদর্শন করলেন প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান

বাংলাদেশে শুভেচ্ছা সফরে আসা চীনের নৌবাহিনীর দুটি জাহাজ ‘থাং শান’ ও ‘দা ছিং’ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম এবং নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। শনিবার (১৯ সেপ্টেম্বর) তারা চট্টগ্রামে জাহাজ দুটি পরিদর্শন করেন। এ সময় বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত, বাংলাদেশ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং চীনা দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে প্রতিরক্ষা উপদেষ্টা চীনা নৌবাহিনীর জাহাজ দুটির বিভিন্ন অংশ ঘুরে দেখেন। তিনি জাহাজে ব্যবহৃত আধুনিক নৌ সরঞ্জাম, প্রযুক্তি ও নিরাপত্তাব্যবস্থাসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত হন। পরে জাহাজ দুটির কমান্ডিং অফিসার, কর্মকর্তা ও নাবিকদের সঙ্গে মতবিনিময় করেন প্রতিরক্ষা উপদেষ্টা। এ সময় বাংলাদেশ ও চীনের নৌবাহিনীর মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক আস্থা, পেশাগত জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় এবং সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ ছাড়া আঞ্চলিক সামুদ্রিক সহযোগিতা জোরদার, সামরিক প্রশিক্ষণ এবং নৌ-সহযোগিতা বাড়ানোর বিষয়েও মতবিনিময় হয়। এর আগে গত ১৭ সেপ্টেম্বর চীনের নৌবাহিনীর ‘থাং শান’, ‘দা ছিং’ ও ‘থাই হু’ পাঁচ দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে আসে। জাহাজ তিনটি চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। এ সফরের মাধ্যমে দুই দেশের নৌবাহিনীর মধ্যে পেশাগত জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হয়েছে। সফর শেষে চীনা নৌবাহিনীর জাহাজগুলো বাংলাদেশের জলসীমা ত্যাগের সময় যৌথ মহড়া ‘প্যাসেক্স’-এ অংশ নেবে।

জাতীয়