সপ্তাহখানিক আগেই নারী এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। তবে সেই স্মৃতিটা সুখকর হয়নি টাইগ্রেসদের। সেবার ভারতের কাছে ৪২ রানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় বাংলাদেশ।
আবারও সেই সেমিফাইনালেই ভারতের মুখোমুখি হচ্ছে নিগার সুলতানা জ্যোতিরা। তবে এবার মঞ্চটা ভিন্ন। এশিয়ান গেমসের সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ আর ভারত।
আগামীকাল রোববার (২০ সেপ্টেম্বর) জাপানের নিসশিনের কোরোগি স্পোর্টস পার্কে এশিয়ান গেমসের সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। বাংলাদেশ সময় সকাল ১১টায় শুরু হবে ম্যাচটি।
এশিয়ান গেমসে র্যাংঙ্কিংয়ে এগিয়ে থাকায় বাংলাদেশ-ভারত দুই দলই সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলেছে। কোয়ার্টার ফাইনালে স্বাগতিক জাপানকে ৮ উইকেটে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে তারা। ভারতের হয়ে বল হাতে আলো ছড়িয়েছেন শ্রী চারাণী। মাত্র ১০ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন তিনি। রান তাড়ায় শেফালি ভার্মার ৪০ রানের ইনিংসে পাঁচ ওভারেই ম্যাচ শেষ করে ভারত।
বাংলাদেশের কোয়ার্টার ফাইনাল অবশ্য মাঠে গড়ায়নি। বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর র্যাংকিংয়ে এগিয়ে থাকার সুবাদে সেমিফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ। ফলে ভারতের বিপক্ষে নামার আগে বাংলাদেশের ম্যাচ প্রস্তুতি হয়েছে মূলত অনুশীলনেই।
দুই দলের মুখোমুখি লড়াইয়ে ভারত অনেকটাই এগিয়ে। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ২৫ বার মুখোমুখি হয়েছে দুইদল। যার মধ্যে ভারতের জয় ২২টি আর বাংলাদেশের ৩টি। সাম্প্রতিক সময়েও ভারতের বিপক্ষে বাংলাদেশের জয়ের অপেক্ষাটা যেন শেষ হচ্ছে না। নারী এশিয়া কাপের সেমিফাইনালেও মুখোমুখি হয়েছিল দুই দল। সেইখানেও জয়ের হাসি ছিল ভারতের মুখে।
ভারতের ব্যাটিং লাইনআপে নজর থাকবে স্মৃতি মান্ধানা, শেফালি ভার্মা, হারমানপ্রীত কৌর ও রিচা ঘোষের দিকে। অন্যদিকে, বাংলাদেশের ব্যাটিংয়ে বড় দায়িত্ব থাকবে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ওপর। সঙ্গে সোবহানা মোস্তারি, শারমিন আক্তার ও দিলারা আক্তারদের কাছ থেকেও গুরুত্বপূর্ণ অবদান চাইবে বাংলাদেশ।
বল হাতে বাংলাদেশের ভরসার জায়গাগুলোর একটি মারুফা আক্তার। তার সঙ্গে রাবেয়া খান, ফাহিমা খাতুন ও স্বর্ণা আক্তারের বোলিংও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। ভারতের বিপক্ষে বাংলাদেশের বোলিং আক্রমণের সামনে বড় চ্যালেঞ্জ হবে শক্তিশালী ভারতীয় ব্যাটিং লাইনআপ।
অন্যদিকে, ভারতের বোলিংয়ে শ্রী চারাণীর পাশাপাশি দীপ্তি শর্মা ও রাধা যাদবের স্পিন বাংলাদেশের ব্যাটারদের জন্য বড় চ্যালেঞ্জিং হতে পারে। জাপানের বিপক্ষে চার উইকেট নেওয়ার পর শ্রী চারাণীর পারফরম্যান্সের দিকেও আলাদা নজর থাকবে।
দুই দলের সাম্প্রতিক লড়াই এবং পরিসংখ্যান ভারতের পক্ষে থাকলেও সেমিফাইনালের ম্যাচে আগের হিসাবই শেষ কথা নয়। নির্দিষ্ট দিনে যারা ভালো খেলবে জয়ের হাসি হাসবে তারাই। এশিয়া কাপের সেমিফাইনালে হারের প্রতিশোধ নিয়ে সরই হাসিটা হাসতে চাইবে জ্যোতিরা।

