প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে রাজশাহীতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মঙ্গলবার নগরের ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় যোগ দেওয়ার পাশাপাশি দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন রাজশাহীবাসী।
সফরে প্রধানমন্ত্রী কাছে রাজশাহীতে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং বেকারত্ব দূরীকরণে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির দাবি তুলে ধরার কথা বলেছেন সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন।
সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর সফরের সবশেষ প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।
তিনি বলেন, অল্প সময়ের মধ্যে সফরের প্রস্তুতি নিতে হলেও রাজশাহীর মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আবেগ কাজ করছে। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এটিই প্রথম রাজশাহী সফর।
“তার আগমনকে ঘিরে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। এ সফরে উত্তরাঞ্চলের কৃষি ও কৃষকদের স্বার্থ বিবেচনায় নিয়ে আখচাষিদের জন্য প্রধানমন্ত্রী বিশেষ বার্তা দেবেন”, বলেন মিনু।
সফর নিয়ে তাৎপর্য তুলে ধরে ভূমিমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সন্তান হিসেবে তারেক রহমানের এ আগমন রাজশাহীর মানুষের কাছে বিশেষ গুরুত্ব বহন করে।
দীর্ঘ ১৭ বছরের সংগ্রামের মধ্য দিয়ে তারেক রহমান দেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছেন বলেও মন্তব্য করেন তিনি। এ সফরে রাজশাহীর দীর্ঘদিনের বিভিন্ন দাবি ও প্রত্যাশা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হবে।
দাবিগুলোর মধ্যে রয়েছে- বীজ সংরক্ষণের কার্যকর ব্যবস্থা গ্রহণ, রাজশাহী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করা, কৃষিভিত্তিক রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) স্থাপন, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নির্মাণকাজ দ্রুত শেষ করা এবং পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা। পাশাপাশি রাজশাহী নগরীকে আনুষ্ঠানিকভাবে ‘শিক্ষা নগরী’ ঘোষণার দাবিও রয়েছে।
শিল্পমন্ত্রী ও সংশ্লিষ্ট উপদেষ্টাদের উপস্থিতিতে রাজশাহীর উন্নয়নসংক্রান্ত এসব দাবি তুলে ধরার পরিকল্পনা রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এদিকে মাদ্রাসা মাঠ পরিদর্শন করেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন, রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন এবং রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ।
প্রধানমন্ত্রীর কাছে রাজশাহীতে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং বেকারত্ব দূরীকরণে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির দাবি তুলে ধরতে চান রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম রাজশাহী সফর ঘিরে নগরবাসীর মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। প্রধানমন্ত্রীকে বরণ করতে ইতোমধ্যে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে।
সোমবার প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষে ঐতিহাসিক মাদ্রাসা মাঠে প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
বিএনপি নেতা রিটন বলেন, প্রধানমন্ত্রীকে একনজর দেখতে রাজশাহীবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তার আগমনকে কেন্দ্র করে মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। প্রধানমন্ত্রীর এ সফর ঐতিহাসিক হয়ে থাকবে।
যুদ্ধ হরমুজে, আগুন ফ্রান্সে: ভূরাজনীতি ও অভ্যন্তরীণ সংকট
পর্যটন খাতে অব্যবস্থাপনা: কাঠামোগত অবহেলায় আর কত প্রাণহানি?
ইউপি নির্বাচনের আগে সরকারি এমপিদের বরাদ্দ বিতর্কের কারণ হতে পারে
মূল্যস্ফীতির হিসাব আর মানুষের জীবনের ফারাক

