নরসিংদীতে ডাইং মিলের বয়লারে আগুন, দগ্ধ ৫ জন ঢাকা মেডিকেলে

দগ্ধদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

নরসিংদীর সদরে একটি ডাইং কারখানার বয়লারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের দুই ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে পাঁচজন দগ্ধ হয়েছেন।

বুধবার বিকালে উপজেলার মাধবদীর বিরামপুর এলাকার কালীবাড়িতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন নরসিংদী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শিমুল মোহাম্মদ রফি।

আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক হারুনুর রশিদ।

দগ্ধরা হলেন- জামাল (৩৮), টিপু (৪৫), ফয়সাল (২৫), রুবেল (৩৫) ও শাজাহান (৩০)। তারা সকলে ওই কারখানার শ্রমিক ও কর্মচারী।

চিকিৎসক হারুনুর রশিদ বলেন, আহতদের মধ্যে জামালের শরীরের ৬০ শতাংশ, টিপুর ৯০ শতাংশ, ফয়সালের ২৫ শতাংশ, রুবেলের আট শতাংশ এবং শাজাহানের চার শতাংশ দগ্ধ হয়েছে।

তাদের মধ্যে টিপু ও জামালকে বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে। বাকিদের জরুরি বিভাগের অবজারভেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে কারখানার একটি বয়লারে আগুন ঘটে। খবর পেয়ে মাধবদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নির্বাপণে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বৃদ্ধি পেলে নরসিংদী ফয়ার সার্ভিসের তিনটি ইউনিট এসে যুক্ত হয়।

পাঁচটি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নেয় ফায়ার সার্ভিস। এতে চারজন দগ্ধ হয়েছেন।

ফায়ার সার্ভিস কর্মকর্তা শিমুল মোহাম্মদ রফি বলেন, বয়লারের স্ফুলিঙ্গ থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তদন্ত শেষে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যাবে।

তৌফিক ভাইয়ের চারটি বাক্য, আমার সাংবাদিকতার পাঠ

আট মাসেও কাটেনি অস্থিরতা: জনমনে স্বস্তি ফেরানো জরুরি

আফিম থেকে ইয়াবা: মিয়ানমারের মাদক-যুদ্ধে ভুক্তভোগী বাংলাদেশ

আমেরিকা কি সত্যি ধর্মীয় ফ্যাসিবাদের পথে যাচ্ছে?

জাতীয়