বেতন বৃদ্ধির দাবিতে ফের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ শ্রমিকদের

গাজীপুরের চন্দ্রায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকেরা। আজ শনিবার দুপুরের পর চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নেন। এতে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ দুপুরের পর কাজে যোগ না দিয়ে ৩০ হাজার টাকা বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ইন্টারস্টপ কারখানার শ্রমিকেরা বেরিয়ে এসে বিক্ষোভ শুরু করেন। পরে আশপাশের কারখানার শ্রমিকেরাও তাঁদের সঙ্গে যোগ দেন। একপর্যায়ে শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করলে উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শ্রমিকদের বিক্ষোভের কারণে অধিকাংশ কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রমিকেরা সড়কে অবস্থান করছিলেন।

জাতীয়