এইচএসসিতে শূন্য পাসের ২৬ কলেজের অধ্যক্ষদের তলব, ব্যাখ্যা চাইল ঢাকা শিক্ষা বোর্ড

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় কোনো শিক্ষার্থী পাস করেনি—এমন ২৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের কাছে কারণ জানতে চেয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোর অধ্যক্ষদের আগামী ১০ নভেম্বর বোর্ডের জরুরি সভায় প্রয়োজনীয় কাগজপত্রসহ সশরীর উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক (অতিরিক্ত দায়িত্ব) কুদরাত-ই-খুদা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় কোনো শিক্ষার্থী পাস না করায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে না কেন, সে বিষয়ে লিখিত ও সুস্পষ্ট ব্যাখ্যা দিতে হবে। আগামী ১০ নভেম্বর মঙ্গলবার সকাল ১০টায় বোর্ডের সভাকক্ষে আয়োজিত জরুরি সভায় প্রতিষ্ঠানগুলোর অধ্যক্ষ বা ভারপ্রাপ্ত অধ্যক্ষদের উপস্থিত থাকতে হবে।

এ সময় বিগত পাঁচ বছরের প্রশাসনিক ও একাডেমিক কাগজপত্র সঙ্গে আনার নির্দেশ দেওয়া হয়েছে।

বোর্ডের তালিকায় থাকা ২৬টি প্রতিষ্ঠানের মধ্যে ঢাকা মহানগরীর দুটি, ফরিদপুরের চারটি, কিশোরগঞ্জের তিনটি, মানিকগঞ্জের দুটি, মুন্সীগঞ্জের তিনটি, নারায়ণগঞ্জের দুটি, রাজবাড়ীর দুটি, শরীয়তপুরের একটি, টাঙ্গাইলের চারটি এবং গাজীপুর ও গোপালগঞ্জের একটি করে প্রতিষ্ঠান রয়েছে।

তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে রাজধানীর ই. হক কলেজ, সিটি মডেল কলেজ ও এশিয়ান আইডিয়াল কলেজ। এ ছাড়া ফরিদপুরের কবি জসিম উদ্দিন হাই স্কুল, মেঘচামী আদর্শ স্কুল অ্যান্ড কলেজ, কাজী সিরাজুল ইসলাম গার্লস হাই স্কুল ও সৈয়দা সাজেদা চৌধুরী হাই স্কুল অ্যান্ড কলেজ রয়েছে।

এ ছাড়া কিশোরগঞ্জ সিটি কলেজ, লে. কর্নেল (অব.) করিম ভূঁইয়া কলেজ, আবুল কাশেম কলেজ, মানিকগঞ্জের ড. আব্দুর রহিম খান মহিলা কলেজ ও গোলাম মনির হোসেন মহিলা কলেজসহ অন্যান্য প্রতিষ্ঠান তালিকায় রয়েছে।

বোর্ডের নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত সভায় ব্যাখ্যা ও প্রয়োজনীয় কাগজপত্র পর্যালোচনার ভিত্তিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

জাতীয়