অবকাঠামো উন্নয়নে বগুড়া বিমানবন্দর শীর্ষ অগ্রাধিকার : বিমানমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, বগুড়া আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণই সরকারের বিমান অবকাঠামো উন্নয়নের সর্বোচ্চ অগ্রাধিকার। একই সঙ্গে ময়মনসিংহের ত্রিশালে একটি বিমানবন্দর নির্মাণের প্রাথমিক প্রক্রিয়াগত কাজও শুরু হয়েছে।

রশিদুজ্জামান মিল্লাত বলেন, দেশের বিমান যোগাযোগ আধুনিকায়নের অংশ হিসেবে আটটি বিমানবন্দর চালুর লক্ষ্যে একটি অগ্রাধিকার তালিকা প্রণয়ন করা হয়েছে। এছাড়া নেদারল্যান্ডসভিত্তিক একটি প্রতিষ্ঠান ইতোমধ্যে বগুড়া বিমানবন্দর প্রকল্পে আগ্রহ প্রকাশ করেছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ময়মনসিংহে দিনব্যাপী সফরে তিনটি পৃথক অনুষ্ঠানে বক্তব্যকালে বিমানমন্ত্রী এসব কথা বলেন বলে এক সরকারি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ত্রিশাল উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় রশিদুজ্জামান মিল্লাত বলেন, ‘ত্রিশালে বিমানবন্দর নির্মাণের প্রাথমিক প্রক্রিয়াগত কাজ শুরু হয়েছে। তবে বিভিন্ন দিক বিবেচনায় আমাদের প্রথম অগ্রাধিকার হচ্ছে বগুড়া আন্তর্জাতিক বিমানবন্দর।’

সভায় একটি আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ এবং ত্রিশালকে আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার বিষয় নিয়ে আলোচনা হয়।

পরে ময়মনসিংহ টাউন হলে আন্তঃউপজেলা বিতর্ক প্রতিযোগিতা-২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী শিক্ষার্থীদের দেশের ভবিষ্যৎ উন্নয়নের নেতৃত্ব দেওয়ার জন্য নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান।

রশিদুজ্জামান মিল্লাত বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার টেকসই গ্রামীণ উন্নয়নে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে বৃক্ষরোপণ, শিক্ষার্থীদের জন্য মিড-ডে মিল কর্মসূচি এবং ছাত্রীদের স্নাতক পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষা।

মন্ত্রী শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার পাশাপাশি খেলাধুলায় অংশ নেওয়ার আহ্বান জানিয়ে মাদকমুক্ত বাংলাদেশ গঠনে তরুণ প্রজন্মকে ভূমিকা রাখার আহ্বান জানান। এ সময় তিনি চ্যাম্পিয়ন ও রানারআপ দলের সদস্যদের মাঝে পদক বিতরণ করেন।

পরে ময়মনসিংহ জেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত পৃথক এক অনুষ্ঠানে মন্ত্রী বিভিন্ন অর্থবছরে সম্পন্ন ও চলমান উন্নয়ন প্রকল্পের জন্য চেক বিতরণ করেন।

রশিদুজ্জামান মিল্লাত বলেন, ‘দেশের উন্নয়নে বর্তমান সরকার ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে এবং প্রতিটি কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হচ্ছে।’

চেক বিতরণ অনুষ্ঠানকে জবাবদিহিতার একটি উদাহরণ উল্লেখ করে বিমানমন্ত্রী রাজনৈতিক নেতা-কর্মীদের ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে বৃহত্তর জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানান। এছাড়া, ক্ষমতাচ্যুত সরকারের প্রত্যাবর্তন নিয়ে ইচ্ছাকৃতভাবে গুজব ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করে তিনি প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

জাতীয়