আগামী সপ্তাহে একটি আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে ভারতে একজন মন্ত্রী পাঠাবে পাকিস্তান। শনিবার (১৪ নভেম্বর) ইসলামাবাদ এ তথ্য জানিয়েছে। গত বছর চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দেশের মধ্যে চার দিনব্যাপী সংঘাতের পর এটিই হতে যাচ্ছে এ ধরনের প্রথম সফর। খবর বার্তা সংস্থা এএফপির।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মুসাদিক মালিক আগামী ২০ থেকে ২২ নভেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও)-এর সিভিলাইজেশনাল ডায়ালগে পাকিস্তানের প্রতিনিধিত্ব করবেন।
২০২৩ সালের মে মাসে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি গোয়ায় এসসিও-র একটি বৈঠকে যোগ দেওয়ার পর এটিই হবে কোনো পাকিস্তানি কেন্দ্রীয় মন্ত্রীর প্রথম ভারত সফর।
পারমাণবিক শক্তিধর ভারত ও পাকিস্তানের মধ্যে গভীর অবিশ্বাস রয়েছে এবং ১৯৪৭ সালে স্বাধীনতা লাভের পর থেকে তারা একাধিক যুদ্ধে জড়িয়েছে, যার মূল কেন্দ্রবিন্দু মুসলিম-সংখ্যাগরিষ্ঠ কাশ্মীর অঞ্চল। কাশ্মীরকে উভয় দেশই নিজেদের ভূখণ্ড বলে দাবি করে।
২০২৫ সালের মে মাসে কাশ্মীরে সশস্ত্র বন্দুকধারীদের হামলায় দুই ডজনেরও বেশি পর্যটক নিহত হওয়ার পর দেশ দুটি চার দিনের ভয়াবহ সংঘাতে জড়িয়ে পড়েছিল।
নয়াদিল্লি এই হামলায় মদদ দেওয়ার জন্য ইসলামাবাদকে অভিযুক্ত করে আসছে, তবে পাকিস্তান জোরালোভাবে সেই অভিযোগ অস্বীকার করেছে।
ওই হামলার জেরে উভয় দেশের মধ্যে পাল্টাপাল্টি কূটনৈতিক পদক্ষেপ শুরু হয়। পরবর্তীতে তা ক্ষেপণাস্ত্র, ড্রোন ও কামানের গোলাবর্ষণের মাধ্যমে সংঘাতে রূপ নেয় এবং এতে ৭০ জনেরও বেশি মানুষ নিহত হয়।
এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, পারস্পরিক শ্রদ্ধাবোধের চেতনায় এসসিও কাঠামোর আওতায় সংলাপ এগিয়ে নিতে এবং জনগণের সাথে জনগণের যোগাযোগ বাড়াতে পাকিস্তান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

