সন্তান না হওয়ায় ভাঙল ইতির সংসার, পেলেন ৩০০ বিয়ের প্রস্তাব

সন্তান না হওয়ায় ভাঙল ইতির সংসার, পেলেন ৩০০ বিয়ের প্রস্তাব

বরিশালের হিজলায় সন্তান না হওয়ার অভিযোগে সাত বছরের দাম্পত্য জীবনের ইতি টানতে হয়েছে ইতি আক্তারকে। স্বামীর সংসার টিকিয়ে রাখতে কেঁদে আকুতি জানিয়েও শেষ রক্ষা হয়নি। তবে বিচ্ছেদের পর থেমে থাকতে চান না তিনি। নতুন করে বিয়ের কথা না ভেবে নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন। এরই মধ্যে দেশ-বিদেশ থেকে পেয়েছেন তিন শতাধিক বিয়ের প্রস্তাব।

বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের মাসকাটা গ্রামের ইতি আক্তার। সাত বছর আগে স্বপ্ন আর ভালোবাসা নিয়ে শুরু করেছিলেন দাম্পত্য জীবন। স্বামীকে নিয়ে সুখের সংসার গড়ার স্বপ্ন থাকলেও সন্তান না হওয়াকে কেন্দ্র করে ধীরে ধীরে সেই সংসারে বাড়তে থাকে অশান্তি।

ইতি আক্তারের অভিযোগ, সন্তান না হওয়ার কারণে দীর্ঘদিন ধরে শ্বশুরবাড়িতে তাকে মানসিক চাপ, অপমান ও নানা কটুকথা সহ্য করতে হয়েছে। পরিস্থিতি একপর্যায়ে এতটাই জটিল হয়ে ওঠে যে প্রায় দুই থেকে আড়াই মাস একা থাকতে বাধ্য হন তিনি।

সংসারটি টিকিয়ে রাখতে স্বামীর কাছে শেষবারের মতো ছয় মাস সময় চেয়েছিলেন ইতি। এমনকি স্বামীর পা ধরে কেঁদেও সংসার না ভাঙার অনুরোধ করেন। কিন্তু তাতেও মন গলেনি স্বামী রনি খানের। শেষ পর্যন্ত তাকে ঘর থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

রোববার (১৫ নভেম্বর) সকালে নিজের জীবনের এসব কঠিন অভিজ্ঞতার কথা তুলে ধরেন ইতি আক্তার।

এদিকে মেয়ের সংসার টিকিয়ে রাখতে নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করেছিলেন বাবা রিকিব আলী সরদার। মেয়ের সুখের কথা ভেবে জমি বন্ধক রেখেছেন, কৃষিঋণ নিয়েছেন, এমনকি গাছপালা বিক্রি করেও জামাইয়ের সংসারে সহযোগিতা করেছেন। ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র থেকে শুরু করে মেয়ের ছোট ছোট আবদারও পূরণ করেছেন। মা-হারা মেয়ের মুখে হাসি ফোটাতে নিজের কষ্টকে কখনো বড় করে দেখেননি তিনি।

কিন্তু এতকিছুর পরও মেয়ের সংসার ভেঙে যাওয়ায় এখন অসহায় এই বাবার একটাই প্রত্যাশা মেয়ে যেন সম্মানের সঙ্গে নিজের পায়ে দাঁড়াতে পারে।

ইতি আক্তার জানান, সংসার ভাঙার পর দেশ-বিদেশ থেকে তার কাছে বিয়ের প্রস্তাব আসছে। ভাইয়ের মাধ্যমে এবং বিভিন্ন যোগাযোগে এ পর্যন্ত তিন শতাধিক বিয়ের প্রস্তাব পেয়েছেন তিনি। প্রতিদিনই ফোনে আসছে নতুন নতুন প্রস্তাব। তবে আপাতত বিয়ে নিয়ে কোনো চিন্তা নেই তার।

ইতির ভাষ্য, অতীতের মানসিক আঘাত কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে তার কিছুটা সময় প্রয়োজন। ভবিষ্যতে কখনো বিয়ের সিদ্ধান্ত নিলে এমন একজন জীবনসঙ্গী চান, যিনি ভালো মনের মানুষ হবেন এবং সন্তান না হওয়ার বিষয়টিকে ভাগ্যের বিষয় হিসেবে মেনে নেবেন। এ নিয়ে তাকে কোনো ধরনের মানসিক চাপ বা কটুকথা শুনতে হবে না।

বর্তমানে ইতির সবচেয়ে বড় চাওয়া একটি চাকরি কিংবা কর্মসংস্থানের সুযোগ। নিজের দায়িত্ব নিজে নিয়ে কাজের মাধ্যমে নতুন করে জীবন গুছিয়ে নিতে চান তিনি। এ জন্য সরকার ও সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন।

মেয়ের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বাবা রিকিব আলী সরদার বলেন, মেয়ের সুখের জন্য নিজের সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করেছেন। জমি বন্ধক রাখা, কৃষিঋণ নেওয়া, গাছপালা বিক্রি করা কোনো কিছুই বাদ দেননি। সংসার ভালো রাখার জন্য প্রয়োজনীয় জিনিসপত্রও কিনে দিয়েছেন। কিন্তু সন্তান না হওয়ার অজুহাতে মেয়েকে সংসার থেকে বিচ্ছিন্ন হতে হয়েছে। সরকারের কাছে তার আবেদন, মেয়ের জন্য একটি ছোটখাটো চাকরি বা কর্মসংস্থানের ব্যবস্থা করা হোক, যাতে সে নিজের সম্মান নিয়ে বাঁচতে পারে।

ইতির সঙ্গে ঘটে যাওয়া ঘটনায় ব্যথিত তার সহপাঠীরাও। সহপাঠী সোহাগ বলেন, ইতি তাদের ছোটবেলার সহপাঠী। তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা অত্যন্ত দুঃখজনক। সন্তান না হওয়ার বিষয়টি কোনোভাবেই শুধু একজন নারীর ওপর চাপিয়ে দেওয়া উচিত নয়। এমন পরিস্থিতিতে একজন নারীর পাশে দাঁড়ানো এবং তাকে মানসিকভাবে সহযোগিতা করা সমাজের সবার দায়িত্ব।

সাত বছর আগে যে সংসারকে ঘিরে ছিল নানা স্বপ্ন, সেই সংসার আজ অতীত। একসময় সংসার বাঁচাতে স্বামীর পা ধরে কেঁদেছিলেন ইতি। আর এখন তিন শতাধিক বিয়ের প্রস্তাব এলেও নতুন সংসারের চেয়ে নিজের আত্মনির্ভরশীলতা ও সম্মানজনক জীবনকেই বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি। তার প্রত্যাশা, কর্মসংস্থানের সুযোগ পেলে নতুন করে ঘুরে দাঁড়াতে পারবেন।

আন্তর্জাতিক