ঢাকাই সিনেমার নায়ক জিয়াউল রোশান । তার অভিনীত দুটি সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায়। সাক্ষাৎকার নিয়েছেন মীর রাকিব হাসান আপনার অভিনীত ‘জামদানি ’ ও ‘প্রেম পুরাণ ’ সিনেমা দুটি দীর্ঘদিন ধরে মুক্তির অপেক্ষায়। সিনেমা দুটি মুক্তি না পাওয়ার কারণ কী? আসলে এ বিষয়ে কী বলব! সিনেমা দুটি কেন মুক্তি পাচ্ছে না, কবে মুক্তি পাবে, তা প্রযোজকরাই ভালো জানেন। বিষয়গুলো নিয়ে অনেকবার কথা হয়েছে। তাই এ নিয়ে আর কথা বলতে চাই না। ‘জামদানি ’ ও ‘প্রেম পুরাণ ’ দুটিই ভালো সিনেমা। দর্শকের ভালো লাগার মতো উপাদান রয়েছে। কিন্তু প্রযোজকরা কেন মুক্তি দিচ্ছেন না, সেটি তারাই ভালো বলতে পারবেন। আমার সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে বিশেষ করে ‘সর্দার বাড়ির খেলা ’ র জন্য অনেক পরিশ্রম ও নিষ্ঠা নিয়ে কাজ করেছি। একটি সিনেমার পেছনে এতটা সময় ও শ্রম দেওয়ার পর সেটি প্রত্যাশা অনুযায়ী দর্শকের কাছে পৌঁছাতে না পারলে খুব কষ্ট হয়। দর্শকের কাছে সিনেমা পৌঁছাতে না পারলে সেটি নির্মাণের উদ্দেশ্যই অনেকটা ব্যর্থ হয়। দীর্ঘদিন ধরে নতুন কোনো সিনেমায় চুক্তিবদ্ধও হননি… রাজনৈতিক অস্থিরতার কারণে কিছুটা গ্যাপ হয়েছে। তবে গত এক বছরে আমার কাছে অনেক সিনেমার চিত্রনাট্য এসেছে। কিন্তু কোনো গল্প নিয়েই কাজ করার মতো আত্মবিশ্বাস পাইনি। সিদ্ধান্ত নিয়েছি, এখন থেকে বড় পরিসরের বা হাইস্কেলের সিনেমা ছাড়া কাজ করব না। কিন্তু এ ধরনের সিনেমার সংখ্যা খুবই কম। এই মুহূর্তে শাকিব ভাইয়ের সিনেমা বাদ দিলে বড় বাজেটের সিনেমা নির্মাণে খুব বেশি প্রযোজককে এগিয়ে আসতে দেখছি না। ফলে নিজের পছন্দ ও প্রত্যাশা অনুযায়ী কাজ করা কঠিন হয়ে পড়েছে। ভিন্ন কিছু নিয়ে পর্দায় ফেরার চেষ্টা করছি। শিগগির ফিরব। তবে কী নিয়ে ফিরব, সেটি এখনই জানাতে চাই না। দীর্ঘদিন বড় পর্দায় অনুপস্থিত থাকায় ক্যারিয়ার নিয়ে কোনো চাপ অনুভব করেন? ব্যক্তিগতভাবে এ নিয়ে আমার কোনো চাপ নেই। তবে সিনেমা ইন্ডাস্ট্রি যেভাবে এগোচ্ছে, তা শিল্পীবান্ধব নয়। শিল্পী কিংবা টেকনিশিয়ান — দীর্ঘদিন ধরে যারা এই ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত এবং যাদের জীবিকা সিনেমার ওপর নির্ভরশীল, তাদের জন্য পরিস্থিতি খুব কঠিন। আমরা হয়তো আর্থিকভাবে কিছুটা সচ্ছল। কারও ব্যবসা আছে, কারও অন্যভাবে নিজেকে টিকিয়ে রাখার সুযোগ রয়েছে। কিন্তু যারা সিনেমার কাজের ওপর নির্ভর করে সংসার চালান, দীর্ঘদিন কাজ না থাকলে তাদের জীবন কীভাবে চলে, একবার ভাবুন। এর পাশাপাশি ইন্ডাস্ট্রিতে নায়িকা-সংকটও প্রকট। শাকিব ভাইয়ের কথাই ধরুন, তাকে অনেক সময় বিদেশ থেকে নায়িকা এনে কাজ করতে হচ্ছে। তার সিনেমার বাজেট হয়তো সে রকম বড়। কিন্তু সব সিনেমার বাজেট তো এত বেশি হবে না। তাহলে অন্য সিনেমাগুলোয় অভিনয় করবেন কারা? এ বিষয়টিও আমাদের ভাবতে হবে। আরও পড়ুন সোনাক্ষীর নগ্ন ছবি ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার, পুলিশের ভুলে মুক্ত যুবক ১৫ নভেম্বর ২০২৬ ইন্ডাস্ট্রির বর্তমান পরিস্থিতি আপনাকে হতাশ করে? অনেক স্বপ্ন ও ভালোবাসা নিয়ে সিনেমায় এসেছিলাম। এখানে আসার পর ধীরে ধীরে সিনেমাকে বুঝেছি, জেনেছি। ইন্ডাস্ট্রির পরিবেশ কেমন, নিজেকে টিকিয়ে রাখতে কী কী করতে হয়, সেসবও বুঝতে পেরেছি। এখন আর কোনো বিষয় নিয়ে বিশেষ আক্ষেপ নেই। তবে সিনেমা ইন্ডাস্ট্রি যেভাবে চলছে, তা শিল্পী কিংবা প্রযোজক — কারও জন্যই ভালো নয়। এ পরিস্থিতিতে দর্শকদের ভালো কিছু উপহার দেওয়ার পরিবেশও তৈরি হচ্ছে না। সিনেমার বাইরে নিজেকে অন্য কোনো জায়গায় প্রতিষ্ঠিত করার পরিকল্পনা আছে? সিনেমার বাইরে আমার পরিবার ও ব্যবসা — সবকিছুই ভালো চলছে। জীবনের স্থিতিশীলতা কিংবা আর্থিক নিরাপত্তার জন্য সিনেমার ওপর আমাকে নির্ভর করতে হয় না। আমি সিনেমা করি দর্শকদের জন্য। অভিনয়ের মাধ্যমে দর্শকের সঙ্গে যুক্ত থাকতে ভালো লাগে। তাদের ভালোবাসা, আবেগ ও অনুভূতি আমাকে আনন্দ দেয়।


