মালয়েশিয়া যেতে কর্মীপ্রতি সর্বোচ্চ খরচ ২ লাখ টাকা: প্রধানমন্ত্রী

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকার মধ্যে রাখার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশটিতে যেতে একজন কর্মীর মোট অভিবাসন ব্যয় সর্বোচ্চ দুই লাখ টাকার মধ্যে সীমিত রাখার বিষয়টি সরকার মোটামুটিভাবে নিশ্চিত করতে পেরেছে। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও বাংলাদেশি শ্রমিকদের অভিবাসন ব্যয় একইভাবে সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে সরকারের আলোচনা ও উদ্যোগ অব্যাহত রয়েছে।

আজ (বুধবার, ১৮ নভেম্বর) জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য মো. কামরুল হাসানের তারকা চিহ্নিত সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর বন্ধ প্রক্রিয়া পুনরায় চালু করতে দেশটির সঙ্গে আলোচনা হয়েছে। প্রবাসে কর্মসংস্থানের জন্য যেসব বাংলাদেশি শ্রমিক বিদেশে যাবেন, তাদের যাতায়াতসহ সার্বিক অভিবাসন ব্যয় কমিয়ে আনার বিষয়ে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে।’

বিদেশে কর্মী পাঠাতে সিন্ডিকেট ফ্যাসিস্ট সরকারের সময়ে শুরু হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এই যে সিন্ডিকেটের যেই সমস্যার কথা আপনি বললেন বা মানুষকে ঠকানোর কথাটি বললেন, এটা প্রকট আকার ধারণ করেছিল পলাতক স্বৈরাচারের সময়। আমরা দেখেছি, কীভাবে তাদের লোকজন এই দেশের মানুষকে ঠকিয়ে এভাবে বিদেশে নিয়ে যাওয়ার নাম করে তাদের কাছ থেকে অর্থ আত্মসাৎ করেছে।’

জাতীয়