দুই দিনের সফরে ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আগামী ৭ ডিসেম্বর তার আসার কথা রয়েছে। বিএনপি সরকার গঠনের পর বাংলাদেশে কোনো বিদেশি সরকারপ্রধানের এটিই হতে যাচ্ছে প্রথম সফর। সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, ৭ ও ৮ ডিসেম্বর বাংলাদেশ সফর করবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। তবে দুই দিনের সফর হলেও ঢাকায় তার অবস্থান হবে স্বল্প সময়ের জন্য। সব মিলিয়ে ১২ থেকে ১৩ ঘণ্টা ঢাকায় অবস্থান করতে পারেন তিনি। বাংলাদেশ সফর শেষে ঢাকা থেকে সরাসরি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উদ্দেশে রওনা হবেন আনোয়ার ইব্রাহিম। সূচি অনুযায়ী, ৭ ডিসেম্বর সন্ধ্যায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে তার। পরদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন তিনি। বৈঠকে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, শ্রমবাজার, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি এবং শিক্ষা খাত নিয়ে আলোচনা হতে পারে। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের চার মাস পর গত জুনে প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া যান তারেক রহমান। সেখান থেকে তিনি চীন সফর করেন। তারেক রহমানের কুয়ালালামপুর সফরের প্রায় পাঁচ মাসের মাথায় এবার বাংলাদেশ সফরে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

