পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি বিভিন্ন কর্মসূচিতে যোগ দেবেন তিনি।
কুয়ালালামপুর সফরের সময় গত জুনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
বিএনপি সরকার গঠনের ১০ মাসের মাথায় কোনো সরকারপ্রধানের প্রথম দ্বিপক্ষীয় সফরে ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
দুদিনের সফরে আগামী ৭ ডিসেম্বর তার ঢাকায় আসার প্রস্তুতি নেওয়ার কথা বলেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি বিভিন্ন কর্মসূচিতে যোগ দেবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
তারেক রহমানও তার প্রথম বিদেশ সফরের জন্য জুনে মালয়েশিয়াকে বেছে নিয়েছিলেন। ওই সফরের সঙ্গে বেইজিংকেও যুক্ত করেছিলেন তিনি।
ফেব্রুয়ারিতে দুই দশক পর বিএনপি সরকারে ফেরার পর ২২ জুন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তারেক রহমান। ওই বৈঠকে দুদেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন দুই নেতা।
বৈঠকের পর যৌথ বিবৃতিতে বলা হয়েছিল, উচ্চ পর্যায়ের সফরসহ নিয়মিত সংলাপ ও যোগাযোগের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন ক্ষেত্রে সমন্বয় জোরদার করার বিষয়ে একমত হয়েছেন দুই প্রধানমন্ত্রী। পরস্পর স্বার্থসংশ্লিষ্ট দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বিষয়ে সম্পৃক্ততাকে চলমান রাখার ওপর গুরুত্ব দেন তারা।
দীর্ঘদিন ধরে ঝুলে থাকা যৌথ কমিশনের সভা (জেসিএম) এবং দ্বিপক্ষীয় সংলাপ দ্রুত করার বিষয়ে দুই নেতার গুরুত্ব স্বীকার করার কথাও বলা হয় বিবৃতিতে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরে হওয়া আলোচনার অগ্রগতি পর্যালোচনা এবং দুদেশের সম্পর্ক নতুন করে গতিশীল করার সুযোগ তৈরি হবে এ সফরে।
মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি ও বাংলাদেশি কর্মীদের ভালোমন্দ নিয়ে আলোচনার পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি এবং প্রতিরক্ষা সহযোগিতাসহ দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বিষয়াদি তাদের আলোচনার এজেন্ডা থাকার সম্ভাবনার কথা বলেছেন তিনি।
এর আগে ২০২৪ সালের ৪ অক্টোবর সংক্ষিপ্ত সফরে ঢাকায় আসেন আনোয়ার ইব্রাহিম। তখনকার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছিলেন তিনি।
অগ্নিসহিংসতার সেকাল-একাল, বন্ধ হবে কবে?
তৌফিক ভাই: এক জীবনে দ্বিতীয়বার বাবা হারানোর শূন্যতা

