নিজস্ব প্রতিবেদক
টাকার বিনিময়ে বাংলাদেশের বিভিন্ন চলমান ও বন্ধ হয়ে যাওয়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট বিক্রি করার অভিযোগে চার জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (৪ মে) সন্ধ্যায ও আজ সকালে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ডিবি লালবাগ বিভাগ।
ডিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকৌশলী জিয়াউর রহমান ও তার স্ত্রী নুরুন্নাহার মিতুকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় বিভিন্ন পর্যায়ের একাডেমিক অনেক সার্টিফিকেট, মার্কশিট, ইনভেলপ ও নগদ টাকা। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আজ সকালে লালবাগ থানার অন্তর্গত বড়ঘাট মসজিদ এলাকার কাশ্মীরি গলির একটি বাসায় অভিযান চালিয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইয়াসিন আলী ও দারুল ইহসান ইউনিভার্সিটির ডিরেক্টর বুলবুল আহমেদ বিপুকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপি ডিবির লালবাগ বিভাগের উপ কমিশনার (ডিসি) মো. মশিউর রহমান জানান, অনেকদিন ধরে চক্রটি বিপুল টাকার বিনিময়ে বাংলাদেশের বিভিন্ন চলমান ও বন্ধ হয়ে যাওয়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েশন এবং পোস্ট গ্রাজুয়েশন; বিভিন্ন বোর্ডের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশিট ও সার্টিফিকেট ক্রয় বিক্রয় করে আসছিল। এই সার্টিফিকেট ও মার্কশিটগুলো বোর্ড অথবা বিশ্ববিদ্যালয় থেকে সরবরাহ করা মূল কাগজ দিয়েই তৈরি করা হয় এবং সেগুলোকে কর্তৃপক্ষের মাধ্যমে অনলাইনে অন্তর্ভুক্ত করা হয় যাতে অনলাইন ভেরিফিকেশনে সত্য পাওয়া যায়। এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রযুক্তি সচেতন এই অপরাধীদেরকে গ্রেপ্তার করা হয়।বিস্তারিত


