নুরুল হক নূর পেতে পারেন নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের দায়িত্ব

নুরুল হক নূর পেতে পারেন নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের দায়িত্ব

জাতীয়  ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চতুর্থবারের মতো সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে। নতুন মন্ত্রিসভায় অভিজ্ঞ ও নবীন নেতাদের সমন্বয়ে ভারসাম্যপূর্ণ সরকারের কাঠামো তৈরি করার পরিকল্পনা করা হয়েছে। নির্বাচিত সংসদ সদস্যদের পাশাপাশি টেকনোক্র্যাট কোটায় বিশেষজ্ঞ ও জোটসঙ্গীদেরও অন্তর্ভুক্ত করার বিষয়টি আলোচনা করা হচ্ছে।

বিএনপি সূত্রে জানা গেছে, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন। নুরুল হক নুর পটুয়াখালী-৩ (দশমিনা–গলাচিপা) আসনে বিএনপি সমর্থিত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেন। নির্বাচনের আগে তিনি জানিয়েছিলেন, বিএনপি ‘জাতীয় সরকার’ গঠন করলে তাকে মন্ত্রী করার প্রস্তাব দেওয়া হবে।

দলীয় সূত্রে আরও জানা যায়, জোটসঙ্গীদের মধ্যে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ রেলপথ মন্ত্রণালয় এবং জোনায়েদ সাকি ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকতে পারেন। টেকনোক্র্যাট কোটায় নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, রুহুল কবির রিজভী আহমেদ ও মাহদী আমিন মন্ত্রিসভায় স্থান পেতে পারেন।

বিএনপির স্থায়ী কমিটির সকল সদস্য নতুন মন্ত্রিসভায় থাকবেন। সিনিয়র মন্ত্রী হিসেবে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, ড. আব্দুল মঈন খান, সালাহউদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু ও অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন পূর্ণমন্ত্রী বা সম্মানজনক পদে থাকবেন।

নতুন সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান আগামী ১৬ ফেব্রুয়ারি সকালেই অনুষ্ঠিত হবে। একই দিন বিকেলে রাষ্ট্রপতি নতুন মন্ত্রিসভাকে শপথ বাক্য পাঠ করবেন। সরকারের এই নতুন কাঠামোর মাধ্যমে নির্বাচনের ফলাফল অনুযায়ী কার্যক্রম শুরু হবে এবং আগামী মেয়াদে নীতি নির্ধারণ ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার প্রস্তুতি সম্পন্ন হবে।

নতুন মন্ত্রিসভা সরকারের পরিচালনায় দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক কার্যক্রম ও নীতি প্রণয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। তবে মন্ত্রিসভা গঠন ও দায়িত্ব বণ্টনের চূড়ান্ত তালিকা শপথ অনুষ্ঠানের পরই প্রকাশ করা হবে।

জাতীয় শীর্ষ সংবাদ