জাতীয় ডেস্ক
যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত ও দক্ষিণ এশিয়া বিষয়ক খ্যাতিমান কূটনীতিক উইলিয়াম বি মাইলাম গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সেক্রামান্টো শহরে ৮৯ বছর বয়সে মারা গেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং বলেন, দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতি ও বাংলাদেশের সমসাময়িক বিষয় নিয়ে মাইলামের জ্ঞান ও অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। ১৯৬২ সালে মার্কিন পররাষ্ট্র দপ্তরে যোগদানের মাধ্যমে কূটনীতিক হিসেবে তার কর্মজীবন শুরু হয়। ১৯৯০ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত তিনি বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।
মাইলামের নেতৃত্ব ও নিষ্ঠাবান সেবার মাধ্যমে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ককে আরও দৃঢ় করা সম্ভব হয়েছে। বিশেষভাবে ১৯৯১ সালের ভয়াবহ ঘূর্ণিঝড় ও বন্যার পর ‘অপারেশন সি অ্যাঞ্জেল’ কার্যক্রমে হাজারো মানুষের জীবনরক্ষায় তার অবদান স্মরণীয় হয়ে রয়েছে। রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব শেষ হওয়ার পরও তিনি যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক জোরদারে কাজ চালিয়ে যান। চলতি বছরের মার্চ মাসে তিনি ঢাকা সফর করেন।
উইলিয়াম বি মাইলাম অবসরের পর যুক্তরাষ্ট্রভিত্তিক ত্রৈমাসিক সাময়িকী সাউথ এশিয়া পার্সপেক্টিভস-এর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন রাইট টু ফ্রিডম-এর প্রেসিডেন্ট ও ওয়াশিংটন ডিসিভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান উইলসন সেন্টার-এর সিনিয়র স্কলার ছিলেন।
মাইলামের মৃত্যু দক্ষিণ এশিয়ার কূটনৈতিক সম্প্রদায়ের জন্য একটি বড় ক্ষতি হিসেবে বিবেচিত হচ্ছে। তার দীর্ঘ কর্মজীবন ও বাংলাদেশের উন্নয়ন, দুর্যোগ মোকাবেলা এবং দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে অবদান দেশীয় কূটনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।


