কেন্দ্রীয় শহীদ মিনারে নিরাপত্তা জোরদার, প্রায় ১৫ হাজার পুলিশ দায়িত্বে

কেন্দ্রীয় শহীদ মিনারে নিরাপত্তা জোরদার, প্রায় ১৫ হাজার পুলিশ দায়িত্বে

 

রাজধানী ডেস্ক

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, একুশে ফেব্রুয়ারি উপলক্ষে রাজধানীতে নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই।

ডিএমপি কমিশনার জানান, শহীদ মিনার ও আশপাশের এলাকায় প্রায় ১৫ হাজার পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। সেখানে থাকবে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। পুলিশের পাশাপাশি স্বেচ্ছাসেবকরাও নিরাপত্তা ও জনসংখ্যা নিয়ন্ত্রণে কাজ করবেন।

আজ সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বিপুল সংখ্যক মানুষ উপস্থিত হবেন। সে কারণে বোম্ব ডিসপোজাল ইউনিট, সিসিটিভি ক্যামেরা, ডগ স্কোয়াডসহ সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করবে পুলিশ।

নগরীর বিভিন্ন সড়কে নিরাপত্তা জোরদার থাকবে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সন্ধ্যার পর ট্রাফিক ডাইভারশন দেওয়া হবে। মোট সাতটি স্থানে ডাইভারশন থাকবে এবং যানচলাচল নিয়ন্ত্রণে তা মেনে চলার জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে।

পুলিশ কমিশনার শহীদ মিনারের প্রস্তুতি সরেজমিনে পরিদর্শন করেছেন। তিনি অনুরোধ করেছেন, শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে পলাশীর মোড়, জগন্নাথ হল ক্রসিং ও শহীদ মিনার রোড ব্যবহার করতে হবে। অন্য কোনো সড়ক দিয়ে আসা যাবে না। শ্রদ্ধা নিবেদন শেষে দোয়েল চত্বর অথবা চানখাঁরপুল হয়ে প্রাঙ্গণ ত্যাগ করতে হবে।

তিনি আরও বলেন, শহীদ মিনার এলাকায় কোনো ধরনের ধারালো বস্তু বা দাহ্য পদার্থ বহন করা যাবে না। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি ও বিদেশি কূটনীতিকদের শ্রদ্ধা নিবেদন শেষে রাত ১২টা ৪০ মিনিটের দিকে সাধারণ জনগণের জন্য কেন্দ্রীয় শহীদ মিনার উন্মুক্ত করা হবে।

রাজধানী শীর্ষ সংবাদ