রাজনীতি ডেস্ক
পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মণ্ডল শপথ গ্রহণের পর স্থানীয় এলাকায় ফিরে চাঁদাবাজ দমনে কঠোর পদক্ষেপ গ্রহণের ঘোষণা দিয়েছেন।
গত শুক্রবার তিনি সড়কপথে ঈশ্বরদীতে ফেরার সময় মুলাডুলি ও আলহাজ্ব মোড় এলাকায় দলীয় নেতাকর্মীদের সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আবু তালেব মণ্ডল বলেন, “আমরা সরকার গঠন করতে না পারলেও একটি চাঁদাবাজমুক্ত দেশ গঠনে কাজ করে যাব। বিশেষ করে আমার নির্বাচনী এলাকা ঈশ্বরদী ও আটঘরিয়াতে চাঁদাবাজ দমনে অত্যন্ত কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।”
তিনি আরও জানান, শপথ গ্রহণের পর তিনি রেল মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে যোগাযোগ করেছেন এবং ঈশ্বরদীর দীর্ঘদিনের রেলগেট সমস্যা দ্রুত সমাধানের জন্য তাগিদ দিয়েছেন।
জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে অধ্যাপক মণ্ডল বলেন, চব্বিশের ছাত্র ও জনতার আন্দোলন না হলে বর্তমান নির্বাচনের সুযোগ সৃষ্টি হতো না। তিনি এ প্রসঙ্গে মন্তব্য করেন, ‘সংবিধান সংস্কার পরিষদ’ বাস্তবায়নে বিএনপির শপথ না নেওয়াকে তিনি দুঃখজনক হিসেবে দেখেন এবং একে শহীদদের প্রতি অবজ্ঞা হিসেবে উল্লেখ করে বিএনপিকে দ্রুত শপথ গ্রহণের আহ্বান জানান।
সংবর্ধনা অনুষ্ঠানে জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল গাফফার খান, সদস্য মাওলানা গোলাম রব্বানি খান জুবায়ের, ঈশ্বরদী উপজেলা জামায়াতের আমির ড. নুরুজ্জামান প্রামাণিক এবং সেক্রেটারি মো. সাইদুল ইসলামসহ অন্যান্য দলীয় নেতারা উপস্থিত ছিলেন।


