ভারত-ব্রাজিল বাণিজ্য সহযোগিতা আরও দৃঢ় করতে চুক্তি স্বাক্ষর

ভারত-ব্রাজিল বাণিজ্য সহযোগিতা আরও দৃঢ় করতে চুক্তি স্বাক্ষর

আন্তর্জাতিক ডেস্ক

ভারত ও ব্রাজিল বাণিজ্য সম্পর্ক আরও গভীর করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছে। গত শনিবার নয়াদিল্লিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়, যার মূল লক্ষ্য হলো ভারতের ক্রমবর্ধমান ইস্পাত চাহিদা মেটানো এবং কাঁচামালের বৈশ্বিক প্রতিযোগিতার মধ্যে দেশের সক্ষমতা সম্প্রসারণ করা। চুক্তিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ব্রাজিলের রাষ্ট্রপতি লুইজ ইনাসিও লুলা দা সিলার উপস্থিতি ছিলেন।

ব্রাজিলের রাষ্ট্রপতি লুলা দা সিলভা তিন দিনের সরকারি সফরে শনিবার নয়াদিল্লিতে পৌঁছান। চুক্তির মাধ্যমে খনিজ সম্পদ খাত, বিশেষ করে লৌহ আকরিক উৎপাদন ও সরবরাহ ব্যবস্থায় দুই দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ব্রাজিল বিশ্বের শীর্ষ লৌহ আকরিক উৎপাদক দেশগুলোর মধ্যে অন্যতম এবং ইস্পাত উৎপাদনের জন্য এই খনিজের গুরুত্বপূর্ণ মজুদ রয়েছে। ভারতের সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, ইস্পাত খাতে দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি ধরে রাখতে প্রয়োজনীয় কাঁচামাল ও প্রযুক্তিতে ভারতের প্রবেশাধিকার বাড়াতে উভয় দেশের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা প্রত্যাশা করা হচ্ছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে যে, এই সহযোগিতা অনুসন্ধান কার্যক্রম, খনন এবং ইস্পাত খাত সম্পর্কিত অবকাঠামোতে বিনিয়োগ আকর্ষণের ওপর গুরুত্ব দেবে। বর্তমানে ভারতের ইস্পাত উৎপাদন ক্ষমতা ২১৮ মিলিয়ন মেট্রিক টন। দেশটির অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধি পাওয়ায় শিল্প প্রতিষ্ঠানগুলো উৎপাদন ক্ষমতা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে।

প্রধানমন্ত্রী মোদি লুলার নেতৃত্বাধীন ব্রাজিলীয় প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্য অংশীদারিত্ব আরও গভীর করার উপায় নিয়ে আলোচনা হয়েছে। তিনি জানান, আগামী পাঁচ বছরে দ্বিপাক্ষিক বাণিজ্য ২০ বিলিয়ন ডলারেরও বেশি হওয়ার লক্ষ্য রয়েছে। বর্তমানে দুই দেশের মধ্যে বাণিজ্য পরিমাণ প্রায় ১৫ বিলিয়ন ডলার।

মোদি আরও বলেন, ভারত ও ব্রাজিল প্রযুক্তি, উদ্ভাবন, ডিজিটাল অবকাঠামো, কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টরসহ বিভিন্ন ক্ষেত্রে ঘনিষ্ঠভাবে কাজ করবে। দুই দেশ ২০০৬ সাল থেকে কৌশলগত অংশীদার এবং বাণিজ্য, প্রতিরক্ষা, জ্বালানি, কৃষি, স্বাস্থ্য, গুরুত্বপূর্ণ খনিজ, প্রযুক্তি ও ডিজিটাল অবকাঠামোতে সহযোগিতা বিস্তৃত হয়েছে। ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে ব্রাজিল ভারতের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। এছাড়াও, জাতিসংঘের সংস্কার, জলবায়ু পরিবর্তন এবং সন্ত্রাসবাদ দমনসহ বৈশ্বিক ইস্যুতে দুই দেশ ঘনিষ্ঠভাবে কাজ করে।

বৃহস্পতিবার লুলা ব্রাজিল ও ভারতের মধ্যে মার্কিন ডলারের পরিবর্তে নিজ নিজ মুদ্রায় বাণিজ্য নিষ্পত্তির পক্ষে মত দেন। ভারত সফরের শেষে রবিবার নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে লুলা জানান, ব্রাজিল কোনো ‘নতুন স্নায়ুযুদ্ধ’ চায় না এবং অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না। তিনি সব দেশকে সমানভাবে মূল্যায়ন করার আহ্বান জানান।

লুলা আগামী মার্চের প্রথম সপ্তাহে ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসবেন। বৈঠকের আলোচ্যসূচিতে বাণিজ্য, অভিবাসন, বিনিয়োগ এবং বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অংশীদারত্বের বিষয় অন্তর্ভুক্ত থাকবে।

আন্তর্জাতিক শীর্ষ সংবাদ