ধর্ম ডেস্ক
মক্কার পবিত্র মসজিদুল হারামে হাজিদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে অত্যাধুনিক স্মার্ট প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। বিশেষ করে হজ ও রমজানের সময় লাখো ধর্মপ্রাণ মুসলমানের সমাগম ঘটে, যা সুশৃঙ্খলভাবে পরিচালনা করা একটি বড় চ্যালেঞ্জ। এই পরিস্থিতি মোকাবেলায় মসজিদ কর্তৃপক্ষ কৃত্রিম বুদ্ধিমত্তাসংবলিত সেন্সরভিত্তিক গণনাব্যবস্থা গ্রহণ করেছে।
মসজিদের প্রতিটি প্রবেশদ্বার, প্রস্থানপথ ও করিডরে স্থাপন করা সেন্সরগুলো রিয়াল-টাইমে হাজিদের চলাচল পর্যবেক্ষণ করে। এগুলো নির্ভুলভাবে মানুষের প্রবাহ গণনা করে এবং তথ্য সরাসরি নিয়ন্ত্রণকক্ষে প্রেরণ করে। নিয়ন্ত্রণকক্ষে উপস্থিত কর্মকর্তারা এই তথ্য বিশ্লেষণ করে মাঠ পর্যায়ের সমন্বয় টিমকে দ্রুত ও কার্যকর সিদ্ধান্ত নিতে নির্দেশ দেন।
প্রবাহ বিশ্লেষণের মাধ্যমে নির্ধারিত হয় কোন এলাকায় ভিড় বৃদ্ধি পাচ্ছে। সেই অনুযায়ী বিকল্প পথ খোলা, প্রবেশ নিয়ন্ত্রণ করা এবং নিরাপত্তা টিম মোতায়েন করা সম্ভব হয়। এতে সম্ভাব্য সংকট তৈরি হওয়ার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়। মসজিদের বিশাল প্রাঙ্গণ ও পথঘাটে মানুষের চলাচল ভারসাম্যপূর্ণভাবে বণ্টন করা হয়, যা হাজিদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করে এবং অপ্রয়োজনীয় ভিড় ও বিশৃঙ্খলা এড়াতে সহায়তা করে।
স্মার্ট ভিড় ব্যবস্থাপনা প্রযুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ সুবিধা হলো সম্ভাব্য ভিড়ের স্থান আগেভাগেই শনাক্ত করা। মানুষের জমায়েত অস্বাভাবিকভাবে বেড়ে গেলে সিস্টেম তা স্বয়ংক্রিয়ভাবে সনাক্ত করে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক করে। ফলে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হওয়ার আগেই যথাযথ ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়।
মসজিদের প্রযুক্তিগত ব্যবস্থাপনা শুধু যান্ত্রিক নজরদারি নয়, এটি মাঠ পর্যায়ের প্রস্তুতির সঙ্গে সমন্বিতভাবে কাজ করে। নিয়ন্ত্রণকক্ষের তথ্য ও ময়দানের কর্মীদের তৎপরতার সমন্বয়ে হাজিদের সর্বোচ্চ নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করা হচ্ছে। এই ব্যবস্থাপনা হাজিদের জন্য নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখছে।


