ফসলি জমি দখল, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা এমপি আমানউল্লাহর

ফসলি জমি দখল, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা এমপি আমানউল্লাহর

জাতীয় ডেস্ক

ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান ফসলি জমিতে বালু ফেলে দখল ও অবৈধ স্থাপনা নির্মাণের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, কৃষিজমি রক্ষা এবং জনস্বার্থবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে সংশ্লিষ্ট প্রশাসনকে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নিতে হবে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় কেরানীগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সভায় আমানউল্লাহ আমান বলেন, কৃষিজমি দেশের খাদ্যনিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পর্কিত। ফসলি ভূমি দখল করে বালু ভরাট ও অবৈধ স্থাপনা নির্মাণের প্রবণতা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে, যা স্থানীয় পরিবেশ ও কৃষি উৎপাদনের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে ভূমি প্রশাসনসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। তিনি বলেন, কৃষিজমি সংরক্ষণে সরকারের নীতিমালা বাস্তবায়নে কোনো ধরনের শৈথিল্য বরদাশত করা হবে না।

মাদকবিরোধী অবস্থান তুলে ধরে সংসদ সদস্য বলেন, ঢাকা-২ আসনে কোনো মাদক ব্যবসায়ী থাকতে পারবে না। তিনি মাদক ব্যবসা ও সরবরাহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। স্থানীয় পর্যায়ে মাদক বিস্তারের কারণে যুবসমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে উল্লেখ করে তিনি সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

রাজনৈতিক পরিচয় ব্যবহার করে অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার প্রসঙ্গ টেনে আমানউল্লাহ আমান বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি কোনো রাজনৈতিক দলের নাম ব্যবহার করে সন্ত্রাসী কার্যক্রম বা চাঁদাবাজিতে জড়িত হয়, তবে প্রশাসনকে নিরপেক্ষভাবে ব্যবস্থা নিতে হবে। তিনি বলেন, আইন প্রয়োগের ক্ষেত্রে দলীয় পরিচয় বিবেচনায় নেওয়া যাবে না। চাঁদাবাজি ও দখলদারিত্বের অভিযোগ পেলে তাৎক্ষণিক তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

সভায় তিনি কেরানীগঞ্জের অবকাঠামো ও পরিবেশ উন্নয়নসংক্রান্ত কয়েকটি উদ্যোগের কথাও তুলে ধরেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জয়নগর মাঠ এলাকা থেকে খাল খনন কার্যক্রম শুরুর পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, জলাবদ্ধতা নিরসনে খাল পুনঃখনন জরুরি। সাম্প্রতিক বছরগুলোতে অপরিকল্পিত ভরাট ও দখলের কারণে প্রাকৃতিক পানি প্রবাহ ব্যাহত হয়েছে, ফলে বর্ষাকালে জলাবদ্ধতা তীব্র আকার ধারণ করে। এ পরিস্থিতি মোকাবিলায় একটি সমন্বিত পরিকল্পনা বাস্তবায়নের কথা জানান তিনি। পাশাপাশি এলাকার পুকুরগুলোকে মাছ চাষের আওতায় এনে স্থানীয় অর্থনীতিকে গতিশীল করার উদ্যোগ নেওয়া হবে বলেও উল্লেখ করেন।

এছাড়া ২৪-এর আন্দোলনে ঘাটারচর এলাকায় শহীদ রিয়াজের স্মরণে রিয়াজ চত্বর এলাকায় একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের ঘোষণা দেন সংসদ সদস্য। তিনি বলেন, আন্দোলনে প্রাণ হারানোদের স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণ স্থানীয় জনগণের আবেগ ও ইতিহাস সংরক্ষণের অংশ হিসেবে বিবেচিত হবে।

হযরতপুর ব্রিজ এলাকায় নিরাপত্তা জোরদার করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। জননিরাপত্তা বিঘ্নকারী ব্যক্তিদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানান।

মতবিনিময় সভায় কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে অমি, কেরানীগঞ্জ মডেল থানা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়া, শুভাঢ্যা ইউনিয়ন পরিষদের প্রশাসক সাত্তার বেগ এবং কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। সভায় স্থানীয় উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ভূমি ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা হয়।

জাতীয় শীর্ষ সংবাদ