সাবেক নারী দলের নির্বাচক মঞ্জুরুল ইসলামকে বিসিবি থেকে কার্যত নিষিদ্ধ

সাবেক নারী দলের নির্বাচক মঞ্জুরুল ইসলামকে বিসিবি থেকে কার্যত নিষিদ্ধ

খেলাধূলা ডেস্ক

নারী দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলামকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দেশের ক্রিকেটে কোনো ধরনের কার্যক্রমে যুক্ত না করার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত রোববার (২২ ফেব্রুয়ারি) বিসিবির ভার্চুয়াল বোর্ড সভায় গ্রহণ করা হয়েছে।

এই পদক্ষেপ নেওয়া হয়েছে জাতীয় নারী দলের ক্রিকেটার জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগের প্রেক্ষিতে। জাহানারা আলম জানিয়েছিলেন, নারী দলের দায়িত্ব পালনকালে মঞ্জুরুল ইসলাম তার ওপর অশোভন আচরণ করেছেন। অভিযোগের ভিত্তিতে বিসিবি একটি উচ্চপর্যায়ের স্বাধীন তদন্ত কমিটি গঠন করে।

তদন্ত কমিটি জাহানারা আলমের চারটি অভিযোগের মধ্যে দুইটির প্রাথমিক সত্যতা প্রমাণিত হয়েছে। এ দুটি অভিযোগ পেশাদার আচরণের দিক থেকে অগ্রহণযোগ্য ছিল। কমিটির সুপারিশ অনুযায়ী বিসিবি মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে।

বিসিবির এই সিদ্ধান্তে মঞ্জুরুল ইসলাম দেশের ক্রিকেটে কোনো চাকরি বা কার্যক্রমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত হওয়ার সুযোগ হারিয়েছেন। এর ফলে ভবিষ্যতে তিনি বিসিবির অধীনে কোনো দায়িত্ব পালন করতে পারবেন না।

এর আগে, গত বছরের ৩০ জুনের পর থেকে মঞ্জুরুল ইসলাম বিসিবির কোনো দায়িত্বে ছিলেন না। বর্তমানে তিনি এশিয়ান ক্রিকেট কাউন্সিলে (এসিসি) কর্মরত রয়েছেন।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই ধরনের পদক্ষেপ নারী খেলোয়াড়দের নিরাপত্তা ও পেশাদার পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ। বিসিবির কঠোর নীতি দেশের ক্রিকেটে যৌন হয়রানি ও অসদাচরণ প্রতিরোধে একটি বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে।

খেলাধূলা শীর্ষ সংবাদ