কুরআনের আদর্শ প্রতিষ্ঠা ছাড়া দুর্নীতি ও অবিচার কমবে না: জামায়াত নেতা

কুরআনের আদর্শ প্রতিষ্ঠা ছাড়া দুর্নীতি ও অবিচার কমবে না: জামায়াত নেতা

রাজনীতি ডেস্ক

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, কুরআনের আদর্শ রাষ্ট্র ও সমাজে প্রতিষ্ঠা ছাড়া দেশের দুর্নীতি, অপশাসন ও জুলুম দূর করা সম্ভব নয়। তিনি বলেন, পরিবার, সমাজ ও রাষ্ট্রকে কুরআনময় করতে না পারলে মানুষ কাঙ্ক্ষিত নাগরিক অধিকার ও ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা পাবে না।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে নগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মুহাম্মদ শাহজাহান এসব মন্তব্য করেন। অনুষ্ঠানে সাংবাদিক, সুধী ও শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তিনি রমজান মাসের গুরুত্বের দিকে গুরুত্বারোপ করে বলেন, এই মাসে পবিত্র কুরআন নাজিল হয়েছে এবং এটি আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন ও কুরআনের শিক্ষাকে ব্যক্তি ও সমাজজীবনে বাস্তবায়নের মাস। মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেন, নবী করিম (সা.) মদিনায় হিজরতের মাধ্যমে কুরআনের আদর্শ রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করেছিলেন, যা একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও কল্যাণমুখী রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলেছিল। তিনি উল্লেখ করেন, যদি কুরআনের আলোকে আজকের বাংলাদেশ গড়ে তোলা যায়, তবে দুর্নীতি, ঘুষ, অনিয়ম ও অন্যায় স্বাভাবিকভাবেই কমবে।

মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেন, বর্তমান দেশে ঘুষ-দুর্নীতি ও জুলুম বন্ধ না হওয়ার মূল কারণ হলো কুরআনের বিধান রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত না হওয়া। কুরআনের শাসনব্যবস্থা কায়েম হলে শোষণমুক্ত, জনবান্ধব ও নাগরিক অধিকার সম্মত রাষ্ট্র গঠন সম্ভব। নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করতে হলে নৈতিকতা, জবাবদিহি ও ন্যায়বিচার প্রতিষ্ঠা অপরিহার্য।

রমজানকে ‘কুরআন বিজয়ের মাস’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, বদরের প্রান্তরে এই মাসেই সত্যের বিজয় হয়েছিল। রমজানের শিক্ষা হলো নিজেকে কুরআনের অনুসারী হিসেবে গড়ে তোলা এবং সমাজে কুরআনের ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার কাজে সক্রিয় হওয়া। তিনি জনগণকে কুরআনকে নিজ জীবনে, পরিবারে এবং রাষ্ট্র পরিচালনায় বিজয়ী করতে আহ্বান জানান।

এছাড়া, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নগর জামায়াতের আমির মুহাম্মদ নজরুল ইসলাম ইফতার মাহফিলে অংশ নিয়ে বলেন, শহীদদের প্রতি দায়ের যথাযথ আইনি ভিত্তি তৈরি করা জরুরি। তিনি আরও বলেন, জনগণের রায়কে সম্মান প্রদর্শন করতে দ্রুততম সময়ের মধ্যে আইনগত ব্যবস্থা গ্রহণ অপরিহার্য।

রাজনীতি শীর্ষ সংবাদ