টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল মঞ্চের স্থান পরিবর্তনের সিদ্ধান্ত

টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল মঞ্চের স্থান পরিবর্তনের সিদ্ধান্ত

ক্রীড়া ডেস্ক

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালের আয়োজনে সূচি পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। প্রথমে নির্ধারিত ছিল, পাকিস্তান সেমিফাইনালে উঠলে ম্যাচটি শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত হবে, আর পাকিস্তান না উঠলে কলকাতার ইডেন গার্ডেনে হবে। তবে সম্প্রতি প্রকাশিত আইসিসি নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, প্রথম সেমিফাইনালের স্থান নির্দিষ্ট নয় এবং তা দুটি দলের উপর নির্ভরশীল হবে।

আইসিসি সম্প্রচারকারী সংস্থাকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ‘প্রথম সেমিফাইনাল কলম্বো বা কলকাতার মধ্যে কোথাও অনুষ্ঠিত হতে পারে।’ মূলত পাকিস্তান বা শ্রীলঙ্কার সেমিফাইনালে ওঠার সম্ভাবনা এবং তাদের প্রতিপক্ষের ওপর ভিত্তি করে ম্যাচের স্থান নির্ধারণ করা হবে।

আগে কেবল পাকিস্তান সেমিফাইনালে উঠলে ইডেন থেকে কলম্বোতে স্থানান্তরের শর্ত ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী শ্রীলঙ্কাও এই শর্তের আওতায় এসেছে। অর্থাৎ, পাকিস্তান বা শ্রীলঙ্কার মধ্যে যেকোনো একটি দল সেমিফাইনালে উঠলে প্রথম সেমিফাইনাল ইডেনের বদলে কলম্বোতে অনুষ্ঠিত হতে পারে। তবে শর্ত হলো, শ্রীলঙ্কা ভারতের মুখোমুখি হবে না। পাকিস্তান ও শ্রীলঙ্কার উভয় দলই না উঠলে প্রথম সেমিফাইনাল ইডেনে অনুষ্ঠিত হবে।

এর আগে নির্ধারিত ছিল, পাকিস্তান তাদের সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলবে। সেমিফাইনাল ও ফাইনালের জন্য দুটি করে ভেন্যু নির্ধারণ করা হলেও শ্রীলঙ্কার সমর্থকদের সুবিধার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইসিসি ফাইনালের জন্য এখনও স্থানের চূড়ান্ত ঘোষণা করেনি।

ভারত সেমিফাইনালে উঠলে কোন মাঠে খেলা হবে, তা এখনও নির্দিষ্ট নয়। তবে সূর্যকুমার যাদব নেতৃত্বাধীন ভারত যদি পাকিস্তানের মুখোমুখি হয়, তাহলে ম্যাচ কলম্বোতে হবে। পাকিস্তান বাদে ভারত অন্য কোনো দলের সঙ্গে খেললে দ্বিতীয় সেমিফাইনাল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। একই সঙ্গে, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার কোনো দলই যদি সেমিফাইনালে না ওঠে, প্রথম সেমিফাইনাল কলকাতায় এবং দ্বিতীয় সেমিফাইনাল মুম্বাইয়ে আয়োজন করা হবে। এই পরিস্থিতিতে একটি গ্রুপের শীর্ষ দল অপর গ্রুপের দ্বিতীয় স্থানে থাকা দলের সঙ্গে প্রতিযোগিতা করবে।

আইসিসি জানিয়েছে, এই পরিবর্তনের মূল উদ্দেশ্য হলো সেমিফাইনালে যোগ দেওয়া দলগুলোর সমর্থকদের সুবিধা নিশ্চিত করা এবং আয়োজক শ্রীলঙ্কার ভেন্যুতে সমর্থক উপস্থিতি বৃদ্ধি করা।

খেলাধূলা শীর্ষ সংবাদ