আইন আদালত ডেস্ক
জাতীয় আইনগত সহায়তা সংস্থা (লিগ্যাল এইড) জানিয়েছে, তাদের অধীনে বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) প্রক্রিয়ার মাধ্যমে ২০০৯ সাল থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত অসচ্ছল বিচারপ্রার্থীদের ১ লাখ ৮৩ হাজার ৭০৫টি মামলা সফলভাবে নিষ্পত্তি করা হয়েছে। সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০০৯ সালে জেলা পর্যায়ে শুরু হওয়া এ সেবা পরে সম্প্রসারণ পায়। বর্তমানে এটি সুপ্রিম কোর্ট, ঢাকা ও চট্টগ্রামের শ্রমিক আইনগত সহায়তা সেল এবং দেশের বিভিন্ন কারাগারেও কার্যক্রম চালাচ্ছে। এডিআর প্রক্রিয়ায় আদালতের নির্ধারিত প্রক্রিয়ার বাইরে গিয়ে স্বল্প সময়ে বিরোধপূর্ণ পক্ষগুলো পারস্পরিক সমঝোতার মাধ্যমে মামলা নিষ্পত্তির সুযোগ পান। এতে উভয় পক্ষই স্বার্থসিদ্ধি লাভ করে।
লিগ্যাল এইডের এডিআর প্রক্রিয়ায় ২ লাখ ৭ হাজার ২৫০টি মামলা গ্রহণ করা হয়। এর মধ্যে ১ লাখ ৮৩ হাজার ৭০৫টি মামলা নিষ্পত্তি হয়েছে। এ পর্যন্ত উপকারভোগীর সংখ্যা ৩ লাখ ৫৯ হাজার ৫৮০ জনে পৌঁছেছে।
আইনি সহায়তার এই কার্যক্রম ‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর অধীনে পরিচালিত হচ্ছে। এর লক্ষ্য হলো আর্থিকভাবে অসচ্ছল ও অসমর্থ বিচারপ্রার্থী মানুষের জন্য সরকারী খরচে কার্যকর আইনি সহায়তা নিশ্চিত করা। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের তত্ত্বাবধানে জাতীয় আইনগত সহায়তা সংস্থা এ কার্যক্রম পরিচালনা করছে।
সংস্থার তথ্য অনুযায়ী, এডিআর পদ্ধতি শুধু মামলা নিষ্পত্তির দ্রুততা নিশ্চিত করছে না, বরং অসচ্ছল ও সামাজিকভাবে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য বিচারপ্রক্রিয়াকে সহজলভ্য ও প্রাপ্য করছে। এটি দেশের আইনি সহায়তার ব্যবস্থাকে আরও সম্প্রসারিত ও অন্তর্ভুক্তিমূলক করতে সহায়ক ভূমিকা পালন করছে।


