জুলাই আন্দোলনকে যারা নিজের সম্পত্তি ভাবছে, তাদের চিহ্নিত করা হচ্ছে

জুলাই আন্দোলনকে যারা নিজের সম্পত্তি ভাবছে, তাদের চিহ্নিত করা হচ্ছে

জাতীয় ডেস্ক

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, ২০২৪ সালে সংঘটিত জুলাই আন্দোলনকে যারা নিজের সম্পত্তি ভাবছে, তাদের চিহ্নিত করা হচ্ছে এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (৯ মার্চ) বেলা ১১টায় পুলিশ হেডকোয়ার্টার্স মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমরাও রাজপথে ছিলাম। জুলাই বিপ্লব কারও ব্যক্তিগত সম্পত্তি নয়।” এ সময় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির হত্যাকারী অচিরেই দেশে আনা হবে বলে জানান তিনি।

আইজিপি আরও বলেন, দায়িত্ব গ্রহণের পরপরই চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। দলীয় কোনো বিবেচনার ছাপ ছাড়াই চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যেই মাঠপর্যায়ে পুলিশ কর্মকর্তাদের এ বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা প্রদান করা হয়েছে। ব্লক রেট ব্যবহার করে সংশ্লিষ্ট অপরাধীদের বিরুদ্ধে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং তা অব্যাহত রয়েছে।

সংবাদ সম্মেলনে আইজিপি জানান, চাঞ্চল্যকর কোনো ঘটনার সঙ্গে সঙ্গে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে। গণধর্ষণ, ধর্ষণসহ নারীর প্রতি সহিংসতার বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, সিআইডিকে আধুনিকীকরণের মাধ্যমে মামলা তদন্তের গুণগত মান বৃদ্ধি করা হবে। দ্রুত তদন্ত সম্পন্ন করে প্রকৃত অপরাধীদের বিচারের নিশ্চয়তা দেওয়া পুলিশের অঙ্গীকার।

আইজিপি মো. আলী হোসেন ফকির বলেন, “আমরা চাই, জনগণ যেন থানায় এসে হাসিমুখে ফিরে যেতে পারে। পুলিশের বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ যাতে না থাকে এবং রিঅ্যাকশন টাইম সর্বনিম্ন পর্যায়ে থাকে।”

তিনি সরকারের আইন-শৃঙ্খলা রক্ষা সংক্রান্ত অঙ্গীকারের সঙ্গে পুলিশের লক্ষ্যও উল্লেখ করেন। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠিত হওয়া প্রসঙ্গে তিনি বলেন, দেশের স্বাভাবিক আইন-শৃঙ্খলা বজায় রাখা পুলিশ প্রশাসনের অন্যতম প্রধান দায়িত্ব।

জাতীয় শীর্ষ সংবাদ