সারাদেশ ডেস্ক
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে একটি লাইসেন্সকৃত একনালা বন্দুক থেকে ছররা গুলির ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ১৩ জন গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে।
মুন্সিগঞ্জ পুলিশ সুপার মো. মেনহাজুল আলম সোমবার দুপুরে একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। ঘটনার সময়কাল রোববার (৮ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে রুদ্রপাড়া এলাকায়।
পুলিশ জানিয়েছে, স্থানীয় প্রতিবেশী মিজান খান ও মান্নান খানের মধ্যে এলাকায় প্রভাব বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে হারুন খানের বাড়ির সামনে কথা কাটাকাটির ঘটনা ঘটে। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় মান্নান খান উত্তেজিত হয়ে হারুন খানের লাইসেন্সকৃত একনালা বন্দুক থেকে তিন রাউন্ড এলোপাতাড়ি ছররা গুলি ছুড়ে। এতে নারী ও শিশুসহ অন্তত ১৩ জন আহত হন।
স্থানীয়রা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।
ঘটনার পর শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিছুর রহমানের নেতৃত্বে শ্রীনগর থানার পুলিশ ও র্যাব-১০ যৌথ অভিযান চালিয়ে হারুন খান (৭০), আব্দুল মান্নান খান (৬০) ও মহসিন খান (২৯)কে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত হারুন খানের বাড়ি থেকে একটি .২২ বোর পিস্তল, ৬১ রাউন্ড গুলি, একটি একনালা বন্দুক, ২১ রাউন্ড কার্তুজ এবং ৯টি ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এছাড়া মান্নান খানের বাড়ি থেকে একটি ওয়াকিটকি চার্জারসহ জব্দ করা হয়।
ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশ আরও জানায়, ঘটনা তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্নের পর অভিযুক্তদের আদালতে সোপর্দ করা হবে।
স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী এলাকাবাসীকে সন্ত্রাস ও আগ্নেয়াস্ত্র ব্যবহার থেকে দূরে থাকার পাশাপাশি শান্তি বজায় রাখার জন্য সতর্ক করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং পুনরায় এ ধরনের সংঘর্ষ এড়ানোর জন্য স্থানীয়দের সহযোগিতা চাওয়া হয়েছে।


