ধর্ম ডেস্ক
সৌদি আরবে রমজানের শেষ দশক শুরু হওয়ায় মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীতে হাজারো মুসল্লি ইতিকাফে অংশগ্রহণ করছেন। নিবন্ধন সম্পন্ন ও আনুষ্ঠানিক অনুমতি প্রাপ্ত মুসল্লিরা মসজিদে অবস্থান নিয়ে ইবাদত, জিকির ও আত্মসমালোচনায় নিমগ্ন আছেন।
দুই পবিত্র মসজিদের কর্তৃপক্ষ ইতিকাফকারীদের জন্য বিভিন্ন ধরনের সুবিধা নিশ্চিত করেছে। মসজিদুল হারামে অংশগ্রহণকারীদের জন্য একটি বিশেষ কিট প্রদান করা হচ্ছে, যার মধ্যে রয়েছে স্লিপিং ব্যাগ, ব্যাকপ্যাক, বালিশ এবং প্রয়োজনীয় ব্যক্তিগত পরিচ্ছন্নতার সামগ্রী। এছাড়া মুসল্লিদের জন্য দিকনির্দেশনা, ব্যবস্থাপনা সহায়তা, স্বাস্থ্যসেবা, অনুবাদ সেবা, আপ্যায়ন ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের ব্যবস্থা রয়েছে।
মদিনার মসজিদে নববীতে নারীদের জন্য ২৪ নম্বর গেট নির্ধারণ করা হয়েছে। এই গেটের মাধ্যমে নারীরা ইতিকাফে অংশ নিচ্ছেন। বর্তমানে মসজিদে নববীতে মোট ৩ হাজার ২০০ মুসল্লি ইতিকাফে অংশগ্রহণ করছেন, যার মধ্যে ২ হাজার ৪০০ জন পুরুষ এবং ৮০০ জন নারী। পুরুষদের জন্য ইতেকাফের স্থান নির্ধারিত হয়েছে মসজিদের পূর্ব দিকের ছাদে এবং নারীদের জন্য পূর্ব সম্প্রসারণ অংশে ব্যবস্থা রাখা হয়েছে।
ইতিকাফের জন্য নির্ধারিত এলাকায় চারটি প্রধান হল রয়েছে এবং প্রতিটি হলে ৪৮টি করে সেকশন রাখা হয়েছে। অংশগ্রহণকারীদের ব্যক্তিগত জিনিসপত্র সংরক্ষণের জন্য লকার সুবিধা রয়েছে। এছাড়া ইবাদতের সময় স্বাচ্ছন্দ্য বজায় রাখতে পর্যাপ্ত স্থান বরাদ্দ করা হয়েছে।
ইতিকাফকারীদের জন্য শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, পর্যাপ্ত আলোকসজ্জা, সুগন্ধি ও বখুর, ইফতার ও সেহরির খাবার, নিরাপত্তা ব্যবস্থা, দিকনির্দেশনামূলক সাইনবোর্ড এবং ইলেকট্রনিক তথ্যপর্দা রাখা হয়েছে। চিকিৎসা ও অ্যাম্বুলেন্স সেবা, মোবাইল চার্জিং পোর্ট, কাপড় ধোয়ার সুবিধা এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতার সামগ্রীসহ আরামদায়ক ঘুমের উপকরণও সরবরাহ করা হচ্ছে।
ইতিকাফ ইসলাম ধর্মের একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এতে একজন মুসলমান পার্থিব ব্যস্ততা থেকে নিজেকে বিচ্ছিন্ন রেখে মসজিদে অবস্থান করেন এবং পুরো সময় আল্লাহর ইবাদত, দোয়া ও আত্মসমালোচনায় কাটান। রমজানের শেষ দশকে এই ইবাদতের বিশেষ গুরুত্ব রয়েছে। নিবন্ধন ও অনুমতি প্রক্রিয়া শেষ হওয়ায় বর্তমানে দুই পবিত্র মসজিদের দরজা ইতিকাফকারীদের জন্য উন্মুক্ত। মুসল্লিরা রমজানের বাকি রাতগুলো ইবাদত ও আধ্যাত্মিক সাধনায় কাটাচ্ছেন।


