মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিরাপত্তায় কূটনৈতিক তৎপরতা জোরদার, বিশেষ ফ্লাইটের উদ্যোগ

মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিরাপত্তায় কূটনৈতিক তৎপরতা জোরদার, বিশেষ ফ্লাইটের উদ্যোগ

বাংলাদেশ ডেস্ক

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে সেখানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কূটনৈতিক পর্যায়ে সর্বোচ্চ তৎপরতা চালাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি জানান, পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে প্রয়োজন হলে প্রবাসীদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থাও নেওয়া হচ্ছে।

শুক্রবার (২০ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর ফটকের সামনে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এর আগে বেলা পৌনে ১১টার দিকে ইরানকে ঘিরে চলমান সংঘাতের প্রেক্ষাপটে নিহত প্রবাসী বাংলাদেশি মোশাররফ হোসেনের মরদেহ বিমানবন্দরে এসে পৌঁছায়। নিহতের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাতে বিমানবন্দরে উপস্থিত হন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীও উপস্থিত ছিলেন।

ব্রিফিংয়ে শামা ওবায়েদ বলেন, মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে অনেক প্রবাসী বাংলাদেশি অনিশ্চয়তা ও ঝুঁকির মধ্যে রয়েছেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। তিনি উল্লেখ করেন, প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের একটি বড় অংশ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কর্মরত থাকায় এই অঞ্চলের স্থিতিশীলতা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ।

তিনি আরও জানান, পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনৈতিক যোগাযোগ জোরদারের মাধ্যমে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে নিয়মিত সমন্বয় করছে, যাতে প্রবাসীরা নিরাপদে থাকতে পারেন। একইসঙ্গে, যারা দেশে ফিরতে ইচ্ছুক তাদের জন্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে বাংলাদেশের মিশনগুলো সার্বক্ষণিক কাজ করছে এবং প্রবাসীদের সঙ্গে যোগাযোগ বজায় রাখা হচ্ছে। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় মিশনগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।

দেশে ফেরত আসতে ইচ্ছুক প্রবাসীদের জন্য বিশেষ ফ্লাইট চালুর বিষয়েও আলোচনা চলছে বলে জানান শামা ওবায়েদ। এ লক্ষ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে এবং পরিস্থিতি বিবেচনায় দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।

সংঘাত নিরসনে কূটনৈতিক উদ্যোগের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, চলমান এই বৈশ্বিক সংকটের টেকসই সমাধান কেবল কূটনৈতিক আলোচনার মাধ্যমেই সম্ভব। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি শান্তিপূর্ণ সমাধানের উদ্যোগ জোরদারের আহ্বান জানান।

সরকারি সূত্রগুলো বলছে, পরিস্থিতির অবনতির দিকে নজর রেখে প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত সহায়তা ও সুরক্ষা ব্যবস্থা নেওয়া হবে। প্রবাসীদের নিরাপত্তা, তথ্যপ্রাপ্তি এবং দেশে প্রত্যাবর্তনের প্রক্রিয়াকে সহজ করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রস্তুত রাখা হয়েছে।

জাতীয় শীর্ষ সংবাদ