রাজনীতি ডেস্ক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে। রোববার (২২ মার্চ) দুপুরে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির বিস্তারিত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৬ মার্চ বৃহস্পতিবার ভোর ৬টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী সব দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। একই দিন ভোর ৫টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা নিবেদন শেষে দলের পক্ষ থেকে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো হবে।
জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণের পর ঢাকায় ফিরে দলের জাতীয় নেতৃবৃন্দ মহান স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান (বীর-উত্তম)-এর মাজার এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবরে পুস্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন। এছাড়া, ওই দিন জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে মাজার প্রাঙ্গণে দোয়া অনুষ্ঠিত হবে।
এর আগে, ২৫ মার্চ বুধবার দুপুর আড়াইটায় রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় দলের জাতীয় নেতৃবৃন্দ এবং দেশবরেণ্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখবেন।
বিএনপি জানিয়েছে, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পোস্টার প্রচার করা হয়েছে এবং ক্রোড়পত্রও প্রকাশ করা হবে। সারা দেশে জেলা, মহানগর, উপজেলা, পৌরসহ সকল ইউনিট এই দিবসের বিভিন্ন আলোচনা সভা ও কর্মসূচি আয়োজন করবে। অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো নিজ উদ্যোগে কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন করবে।
দল দেশের সর্বস্তরের নেতাকর্মীসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সদস্যদের এই কর্মসূচি সফল করার জন্য সমন্বিতভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে।


