জাতীয় ডেস্ক
কুমিল্লায় একটি রেলক্রসিংয়ে ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার দিবাগত মধ্যরাতে সংঘটিত এই দুর্ঘটনার পর তিনি অবিলম্বে ঘটনার কারণ নির্ণয়ের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।
প্রধানমন্ত্রী ইতোমধ্যেই দুর্ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেছেন। তিনি আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে এবং নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের জন্যও নির্দেশনা দিয়েছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানান, ট্রেন-বাস সংঘর্ষের তদন্ত শেষে সংশ্লিষ্টদের ব্যর্থতার জন্য দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রধানমন্ত্রী দেশজুড়ে অন্যান্য সড়ক দুর্ঘটনা, বিশেষ করে ফেনী, হবিগঞ্জ এবং জামালপুরের সেতু দুর্ঘটনার পর আহতদের সুচিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার জন্যও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। তিনি রোববার এক বিবৃতিতে বলেছেন, পবিত্র ঈদ উদযাপনের সময় এই ধরনের দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক এবং উদ্বেগজনক। প্রতিটি জীবন অমূল্য এবং প্রতিটি মৃত্যুই অপূরণীয় ক্ষতি। তিনি নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
বিবৃতিতে আরও বলা হয়েছে, আহতদের দ্রুত সুস্থতা কামনা করে প্রধানমন্ত্রী সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। তিনি জনগণের যাতায়াত নির্বিঘ্ন ও জননিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে সরকারী অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেছেন এবং কোনো ধরনের শৈথিল্য বরদাস্ত করা হবে না বলে উল্লেখ করেছেন।
এছাড়া প্রধানমন্ত্রী রেলক্রসিং ব্যবস্থাপনা, সেতুর নিরাপত্তা এবং সামগ্রিক পরিবহন ব্যবস্থার দুর্বলতা চিহ্নিত করে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশও দিয়েছেন। তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে এই সংক্রান্ত নিরাপত্তা ব্যবস্থার দ্রুত বাস্তবায়নের নির্দেশনা দিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যায় এবং যাত্রী ও সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়।
দুর্ঘটনার প্রেক্ষাপটে, প্রশাসন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো জরুরি তৎপরতা চালাচ্ছে। আহতদের হাসপাতালে চিকিৎসা প্রদানের পাশাপাশি নিহতদের পরিবারের সহায়তা নিশ্চিত করা হচ্ছে। এ ঘটনা দেশের রেল ও সড়ক পরিবহন নিরাপত্তার পুনর্মূল্যায়নের জন্য নতুন করে গুরুত্ব বহন করছে।


