সাতক্ষীরায় পেট্রোল পাম্প পরিদর্শন করলেন নবনির্বাচিত এমপি মুহাদ্দিস আব্দুল খালেক

সাতক্ষীরায় পেট্রোল পাম্প পরিদর্শন করলেন নবনির্বাচিত এমপি মুহাদ্দিস আব্দুল খালেক

সারাদেশ ডেস্ক

সাতক্ষীরা-সদর ২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক সোমবার (২৩ মার্চ) জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধ এবং সাধারণ মানুষের অভিযোগ যাচাইয়ের জন্য সাতক্ষীরা সদর এলাকার পেট্রোল পাম্প দুটি পরিদর্শন করেছেন। সকাল সাড়ে ১১টায় তিনি বাশঘাটা মের্সাস লস্কার ফিলিং স্টেশন ও কপোতাক্ষ ফিলিং স্টেশন পরিদর্শন করেন।

পরিদর্শনের সময় স্থানীয়রা অভিযোগ করেন, কিছু ব্যক্তি পাম্পে কৃত্রিম সংকট তৈরি করে তেল বিক্রি সীমিত করছে। এমপি মুহাদ্দিস আব্দুল খালেক প্রথমে লস্কার ফিলিং স্টেশন পরিদর্শন করেন, যেখানে তিনি ট্রাংকি ও দৈনিক তেলের ক্রয়-বিক্রয় হিসাব খতিয়ে দেখেন। এছাড়া তেল নিতে আসা সাধারণ জনগণের অভিযোগ শোনেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। পরবর্তীতে তিনি কপোতাক্ষ ফিলিং স্টেশন পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন আগরদাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মো: কবির হোসেন এবং সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী শহীদ হাসান।

কপোতাক্ষ ফিলিং স্টেশনের প্রকৃতিঃ মো: শুকুর আলী সরদার জানান, পাম্পে আগের মতো তেল সরবরাহ রয়েছে। তবে কিছু ব্যক্তি দিনের মধ্যে একাধিকবার তেল নিয়ে বাইরে বেশি দামে বিক্রি করছেন। এতে প্রকৃত প্রয়োজনীয় গ্রাহকরা বঞ্চিত হচ্ছেন এবং পাম্পে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। তিনি আরও জানান, প্রশাসনের নির্দেশনা অনুযায়ী পাম্পে তেল বিক্রি করা হচ্ছে, কিন্তু দীর্ঘমেয়াদি নিরাপত্তা ঝুঁকি এবং ক্রেতাদের অতিরিক্ত চাহিদার কারণে সমস্যা সৃষ্টি হচ্ছে।

তিনি অভিযোগ করেন, ডিপো থেকে তেল পরিবহনের সময় ট্যাংকারে নিরাপত্তা ঝুঁকি দেখা দিচ্ছে। লুটপাটের আশঙ্কা থাকায় নিরাপত্তা ব্যবস্থা না থাকলে পাম্পগুলো বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে। এ পরিস্থিতিতে যথাযথ নিরাপত্তা নিশ্চিত না হলে ব্যবসায়িক কার্যক্রম প্রভাবিত হতে পারে।

স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, জ্বালানি তেলের ঘাটতি এবং নিরাপত্তাহীনতার কারণে জেলার সব পেট্রোল পাম্প বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। কোম্পানি থেকে প্রদত্ত দৈনিক তেলের পরিমাণ দিয়ে ক্রেতাদের চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না। ফলে অনেক মোটরসাইকেল ব্যবহারকারী ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকছেন। দীর্ঘ সময় ধরে বিরামহীন দায়িত্ব পালনের ফলে পাম্পে কর্মরতরা শারীরিক ও মানসিক চাপের সম্মুখীন হচ্ছেন।

পর্যাপ্ত তেল সরবরাহ না হওয়ার কারণে জেলা এবং দেশের অন্যান্য অঞ্চলের পেট্রোল পাম্পগুলোর কার্যক্রম কোনো মুহূর্তে স্থগিত হয়ে যেতে পারে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, নিয়মিত তেল সরবরাহ নিশ্চিত না হলে সামগ্রিক জ্বালানি চাহিদা মেটানো এবং জনগণের প্রতিদিনের যানবাহন চলাচল বজায় রাখা কঠিন হয়ে পড়বে।

শীর্ষ সংবাদ সারাদেশ