বিনোদন ডেস্ক
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে হ্যারি পটারের নতুন টেলিভিশন সিরিজের প্রথম দৃশ্য প্রকাশিত হয়েছে। সম্প্রতি সিরিজটির অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজে একটি ছবি শেয়ার করা হয়েছে, যেখানে নতুন হগওয়ার্টসের দৃশ্য এবং কুইডিচ মাঠের একটি ঝলক ফুটে উঠেছে।
প্রকাশিত ছবিতে দেখা গেছে নতুন হ্যারি পটার চরিত্রে অভিনয়রত ডমিনিক ম্যাকলাফলিন কুইডিচ মাঠের দিকে এগোচ্ছেন। তার পরনে গ্রিফিন্ডর হাউসের ঐতিহ্যবাহী লাল ও সোনালি রঙের আলখাল্লা স্পষ্টভাবে দৃশ্যমান। একই সময়ে মাঠে গ্রিফিন্ডর এবং হাফেলপাফের পতাকা বহন করে অন্য ছাত্রছাত্রীদের প্রবেশ করতে দেখা গেছে।
সিরিজটি জে কে রাউলিং-এর বইকে ভিত্তি করে নির্মিত হচ্ছে। এতে দর্শকরা একঝাঁক নতুন মুখ দেখতে পাবেন। সিরিজটির শো-রানার হিসেবে দায়িত্বে রয়েছেন ফ্রান্সেসকা গার্ডিনার এবং পরিচালনার দায়িত্বে আছেন মার্ক মাইলোড। বর্তমানে যুক্তরাজ্যের লিভসডেন স্টুডিওতে সিরিজটির দৃশ্যধারণের কাজ চলছে।
নতুন সিরিজটি মূল সিনেমার মতোই হ্যারির যাত্রা, মাগল পরিবার থেকে হগওয়ার্টসে আগমন এবং বন্ধুদের সঙ্গে লর্ড ভলডেমোর্টের বিরুদ্ধে লড়াইয়ের ঘটনাকে কেন্দ্র করে এগোবে। নির্মাতারা আশা করছেন, এটি দর্শকদের জন্য একই রকম রোমাঞ্চ এবং আবেগের অভিজ্ঞতা উপস্থাপন করবে যা পূর্ববর্তী সিনেমা ও বইগুলো প্রদান করেছে।
সিরিজটির প্রিমিয়ার এবং সম্প্রচার সম্পর্কিত তথ্য এখনও প্রকাশিত হয়নি, তবে অনুরাগীরা ইতোমধ্যেই এটি নিয়ে উত্তেজনা প্রকাশ করছেন এবং সোশ্যাল মিডিয়ায় আলোচনা শুরু হয়েছে।


