ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা চিঠি

ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা চিঠি

জাতীয় ডেস্ক

স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অভিনন্দন জানিয়েছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। বৃহস্পতিবার (২৬ মার্চ) ঢাকার ব্রিটিশ হাইকমিশনের মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

চিঠিতে রাজা চার্লস বলেন, “আপনাদের জাতীয় দিবসের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে আমি ও আমার স্ত্রী রাষ্ট্রপতি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশকে আমাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমরা আমাদের দুই দেশের মধ্যকার দীর্ঘস্থায়ী অংশীদারিত্বকে স্মরণ করছি, যা কমনওয়েলথে অভিন্ন মূল্যবোধ ও পারস্পরিক শ্রদ্ধার ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত।”

রাজা আরও উল্লেখ করেছেন, যুক্তরাজ্যে ছয় লাখ ৫০ হাজারেরও বেশি বাংলাদেশি বংশোদ্ভূত মানুষ বসবাস করছেন, যারা ব্রিটিশ সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তারা দুদেশের মধ্যে চিরস্থায়ী সম্পর্ককে আরও শক্তিশালী করছেন।

চিঠিতে তিনি বলেন, “বিশ্বজুড়ে বোঝাপড়া, সহযোগিতা এবং সুযোগ সৃষ্টি করতে কমনওয়েলথের যে ভূমিকা রয়েছে, তা আমাদের জন্য গর্বের। কমনওয়েলথের বৈচিত্র্য এবং তরুণ প্রজন্মের উদ্যম আশা ও অগ্রগতির অনুপ্রেরণা যোগাচ্ছে। বর্তমান বৈশ্বিক অনিশ্চয়তার সময়ে সম্মিলিত শক্তি ও ঐক্য আগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।”

রাজা চার্লস বলেন, নভেম্বরে অনুষ্ঠিতব্য কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকে তিনি উভয় দেশের একত্রিত হওয়ার সুযোগের অপেক্ষায় রয়েছেন। এই বৈঠকে উভয় দেশ যৌথ অঙ্গীকারগুলো পুনর্ব্যক্ত করবে এবং ভবিষ্যতের কর্মপন্থা নির্ধারণ করবে।

তিনি জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়ন কর্মকাণ্ডে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন। চিঠিতে বলা হয়েছে, “বাংলাদেশের দৃঢ় নেতৃত্ব আমাদের পরিবেশ রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য টেকসই ও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সহযোগিতা আমাদের সম্পর্কের একটি অপরিহার্য বৈশিষ্ট্য।”

রাজা ও তার স্ত্রী চিঠিতে রাষ্ট্রপতি এবং বাংলাদেশের সকল মানুষের জন্য আগামী বছর শান্তিপূর্ণ ও সমৃদ্ধ হওয়ার কামনাও প্রকাশ করেছেন।

জাতীয় শীর্ষ সংবাদ