যশোরে প্রধানমন্ত্রী তারেক রহমান: উলশী খাল পুনঃখনন ও ৫০০ শয্যার হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন আজ

যশোরে প্রধানমন্ত্রী তারেক রহমান: উলশী খাল পুনঃখনন ও ৫০০ শয্যার হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন আজ

জাতীয় ডেস্ক

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার (২৭ এপ্রিল) দিনব্যাপী সফরে যশোর যাচ্ছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের পর এটিই তাঁর প্রথম যশোর সফর। সফরে তিনি ঐতিহাসিক উলশী-যদুনাথপুর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন এবং যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ৫০০ শয্যাবিশিষ্ট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এছাড়া বিকেলে শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এক বিশাল জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে তাঁর।

প্রধানমন্ত্রীর প্রেস উইং ও জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আজ সকালে প্রধানমন্ত্রী গুলশানের বাসভবন থেকে সড়কপথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাবেন। সেখান থেকে আকাশপথে যশোর বিমানবন্দরে পৌঁছাবেন। সফরের শুরুতেই তিনি শার্শা উপজেলার উলশীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ‘স্বনির্ভর উলশী-যদুনাথপুর’ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন। ১৯৭০-এর দশকে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এই খাল খননের মাধ্যমে কৃষি ও অর্থনীতিতে এক বৈপ্লবিক পরিবর্তনের সূচনা হয়েছিল। দীর্ঘকাল সংস্কারের অভাবে ভরাট হয়ে যাওয়া এই খালটি পুনরায় সচল করার লক্ষ্যে এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উদ্বোধনের পর প্রধানমন্ত্রী সেখানে আয়োজিত এক সুধী সমাবেশে অংশ নেবেন।

শার্শার কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী যশোর সার্কিট হাউসে সংক্ষিপ্ত বিরতি নেবেন। এরপর বিকেলে তিনি যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ৫০০ শয্যাবিশিষ্ট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। ২০১১ সালে এই মেডিকেল কলেজ স্থাপিত হলেও দীর্ঘ ১৫ বছরেও এর নিজস্ব কোনো হাসপাতাল ছিল না, যার ফলে শিক্ষার্থী ও স্থানীয় রোগীরা কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হয়ে আসছিলেন। এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের স্বাস্থ্যসেবায় এক নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।

দিনের শেষভাগে প্রধানমন্ত্রী যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জেলা বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন। গত ২ ফেব্রুয়ারি নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে তিনি এই জেলায় শেষ জনসভা করেছিলেন। সরকারপ্রধানের এই সফরকে কেন্দ্র করে পুরো জেলাজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে যশোরের ঝুলে থাকা উন্নয়ন প্রকল্পগুলো নতুন গতি পাবে। কর্মসূচি শেষে আজ রাতেই প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।

জাতীয় শীর্ষ সংবাদ