১৬ মে চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: ব্যাপক প্রস্তুতির কর্মযজ্ঞ

১৬ মে চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: ব্যাপক প্রস্তুতির কর্মযজ্ঞ

জাতীয় ডেস্ক

আগামী ১৬ মে চাঁদপুর জেলা সফরে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৩ মে) দুপুরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট সলিম উল্যাহ সেলিম এই তথ্য নিশ্চিত করেছেন। দুই দশকেরও বেশি সময় পর তাঁর এই সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে ব্যাপক প্রশাসনিক ও রাজনৈতিক তৎপরতা শুরু হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে ইতোমধ্যে জেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সম্ভাব্য ভেন্যুগুলো পরিদর্শন করা হয়েছে। একই সাথে জেলা বিএনপির পক্ষ থেকে প্রস্তুতি সভা, প্রচার কার্যক্রম এবং মাঠপর্যায়ের সাংগঠনিক তৎপরতা জোরদার করা হয়েছে। দীর্ঘ সময় পর দলের শীর্ষ নেতার আগমনকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা যাচ্ছে।

চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক সফরের বিস্তারিত কর্মসূচি সম্পর্কে জানিয়েছেন। তিনি জানান, সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরের বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এর মধ্যে অন্যতম হলো একটি বৃহৎ খাল খনন প্রকল্প, ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও চাঁদপুর মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন। সরকারি এসব কর্মসূচির পাশাপাশি তিনি স্থানীয় সুধী সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন এবং একটি বিশাল জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন।

উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে রাজরাজেশ্বরী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ৬৮০ জন দুস্থ ও সুবিধাবঞ্চিত বাসিন্দার মাঝে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করবেন প্রধানমন্ত্রী। এই কার্ডের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনীর সুবিধা নিশ্চিত করা হবে। এছাড়া স্থানীয় কৃষি ও জলাবদ্ধতা নিরসনে পরিকল্পিত খাল খনন প্রকল্পটিকে অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

জনসভার স্থান নির্ধারণের বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট সলিম উল্যাহ সেলিম জানান, সমাবেশের জন্য জেলা স্টেডিয়ামকে প্রধান ভেন্যু হিসেবে প্রস্তাব করে কেন্দ্রে পাঠানো হয়েছে। কেন্দ্রীয় প্রতিনিধি দলের যাচাই-বাছাই ও নিরাপত্তার বিষয়টি পর্যালোচনার পর চূড়ান্ত স্থান নির্ধারণ করা হবে। প্রস্তুতির অংশ হিসেবে শেখ ফরিদ আহমেদ মানিক জেলার শীর্ষ নেতাদের নিয়ে নিয়মিত মাঠ পরিদর্শন ও সমন্বয় সভা করছেন।

উল্লেখ্য, এর আগে ২০০৪ সালে তারেক রহমান সর্বশেষ চাঁদপুর সফর করেছিলেন। দীর্ঘ ২১ বছর পর তাঁর এই জেলা সফরকে ঘিরে স্থানীয় অবকাঠামো উন্নয়ন ও রাজনৈতিক কর্মকাণ্ডে নতুন গতির সঞ্চার হবে বলে আশা করছেন স্থানীয় সংশ্লিষ্টরা। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে চাঁদপুর শহর ও পার্শ্ববর্তী এলাকাগুলোতে নিছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে জেলা প্রশাসন। আগামী কয়েক দিনের মধ্যে চূড়ান্ত রুট ম্যাপ ও নিরাপত্তা প্রোটোকল নিশ্চিত করা হবে।

জাতীয় শীর্ষ সংবাদ