সৌদি আরবে পৌঁছেছেন ৫২ হাজারের বেশি হজযাত্রী

সৌদি আরবে পৌঁছেছেন ৫২ হাজারের বেশি হজযাত্রী

জাতীয় ডেস্ক

চলতি বছর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এ পর্যন্ত ৫২ হাজার ৩৩৪ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। সোমবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত মোট ১৩৪টি ফ্লাইটে তারা জেদ্দা ও মদিনার বিভিন্ন বিমানবন্দরে অবতরণ করেন। মঙ্গলবার হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য নিশ্চিত করেছে সংশ্লিষ্ট হেল্প ডেস্ক।

তথ্য অনুযায়ী, রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৬৩টি ফ্লাইটে ২৫ হাজার ৭৩ জন, সৌদি এয়ারলাইনসের ৪৯টি ফ্লাইটে ১৮ হাজার ৪০২ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ২২টি ফ্লাইটে ৮ হাজার ৮৮৯ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। মোট হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪৮ হাজার ২৬৩ জন সেখানে অবস্থান করছেন।

এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী পবিত্র হজ পালনের অনুমতি পেয়েছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজে অংশ নিচ্ছেন। হজ কার্যক্রম সুচারুভাবে পরিচালনার লক্ষ্যে মোট ৬৬০টি এজেন্সি কাজ করছে, যার মধ্যে ৩০টি প্রধান এবং ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি হিসেবে দায়িত্ব পালন করছে।

গত ১৭ এপ্রিল মধ্যরাতে ৪১৯ জন যাত্রী নিয়ে চলতি মৌসুমের প্রথম হজ ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই ফ্লাইটের উদ্বোধন করেছিলেন। এরপর থেকে নিয়মিত সূচি অনুযায়ী হজযাত্রীদের সৌদি আরবে পাঠানো হচ্ছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। হজের আনুষ্ঠানিকতা শেষে আগামী ৩০ মে থেকে হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হবে। ফিরতি এই কার্যক্রম চলবে আগামী ৩০ জুন পর্যন্ত, যেদিন শেষ ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

জাতীয় শীর্ষ সংবাদ