সৌদি আরবে পৌঁছেছেন ৫৬ হাজার হজযাত্রী, প্রাণহানি ১৪ জনের

সৌদি আরবে পৌঁছেছেন ৫৬ হাজার হজযাত্রী, প্রাণহানি ১৪ জনের

ধর্ম ডেস্ক

চলতি বছর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত ৫৬ হাজার ছুঁইছুঁই বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স (সাউদিয়া) এবং ফ্লাইনাসের মোট ১৪৩টি ফ্লাইটে তারা জেদ্দা ও মদিনার বিমানবন্দরে অবতরণ করেন। বৃহস্পতিবার সকালে হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ধর্ম মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৫৫ হাজার ৬৯৩ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গিয়েছেন ৭৩ হাজার ৯৩৫ জন হজযাত্রী। এখনো ২২ হাজার ৬৮৫ জন হজযাত্রী যাত্রার অপেক্ষায় রয়েছেন, যারা পর্যায়ক্রমে নির্ধারিত এয়ারলাইন্সের মাধ্যমে ধাপে ধাপে সৌদি আরবে পৌঁছাবেন।

বিমান সংস্থাভিত্তিক তথ্যে দেখা যায়, এখন পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৭০টি ফ্লাইটে ২৭ হাজার ৭৮০ জন, সৌদি এয়ারলাইন্সের ৫১টি ফ্লাইটে ১৯ হাজার ৪৫৭ জন এবং ফ্লাইনাসের ২২টি ফ্লাইটে ৮ হাজার ৪৫৬ জন হজযাত্রী সৌদি আরবে যাত্রা করেছেন। গত ৯ মে থেকে হজযাত্রীদের সৌদি আরবে নেওয়ার এই কার্যক্রম শুরু হয়।

হজ অফিসের দেওয়া পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, চলতি মৌসুমে বাংলাদেশ থেকে সর্বমোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী সৌদি আরব যাওয়ার অনুমতি পেয়েছেন। এই বিশাল সংখ্যার হজযাত্রীদের সুষ্ঠু ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে ৬৬০টি নিবন্ধিত হজ এজেন্সি। এর মধ্যে ৩০টি প্রধান বা লিড এজেন্সি এবং ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি হিসেবে মাঠ পর্যায়ে কাজ করছে।

এদিকে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি হজযাত্রীদের চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিতে কাজ করছে আইটি ও মেডিকেল টিম। হজ বুলেটিনের তথ্যমতে, এ পর্যন্ত সৌদি মেডিকেল টিম থেকে স্বাস্থ্যসেবা গ্রহণ করেছেন ২৭ হাজার ১১৬ জন বাংলাদেশি। এছাড়া আইটি হেল্পডেস্কের মাধ্যমে ১৬ হাজার ২ জন হজযাত্রী বিভিন্ন ধরণের কারিগরি ও তথ্যগত সেবা পেয়েছেন।

তবে হজের আনুষ্ঠানিকতা শুরুর আগেই এখন পর্যন্ত ১৪ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃতদের মধ্যে ১১ জন পুরুষ এবং ৪ জন নারী। হজ অফিসের তথ্য অনুযায়ী, মৃতদের মধ্যে ১১ জন মক্কায় এবং ৩ জন মদিনায় ইন্তেকাল করেছেন। চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সংশ্লিষ্টদের বার্ধক্যজনিত ও স্বাভাবিক কারণে মৃত্যু হয়েছে। সৌদি আরবের নিয়ম অনুযায়ী, কোনো ব্যক্তি সেখানে মৃত্যুবরণ করলে তাকে ওই দেশেই দাফন করা হয়।

Uncategorized