জাতীয় ডেস্ক
ঈদুল আজহা-পরবর্তী সময়ে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় কোরবানির পশুবর্জ্য অপসারণ কার্যক্রমের সার্বিক পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৯ মে) বিকেল ৪টার দিকে তিনি নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর বিভিন্ন সড়কের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন করেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব জাহিদুল ইসলাম রনি গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজধানীর কোরবানির বর্জ্য অপসারণ প্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন হচ্ছে কি না, তা সরাসরি প্রত্যক্ষ করতেই প্রধানমন্ত্রী পরিদর্শনে বের হন। সড়ক পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী ট্রাফিক আইন ও সিগন্যাল মেনে স্বাভাবিক নিয়মে গাড়ি পরিচালনা করেন।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর গাড়িটি গুলশান এভিনিউয়ের বাসভবন থেকে বের হয়ে গুলশান-১ নম্বর মোড়, হাতিরঝিল, রামপুরা রোড, মালিবাগ, তালতলা মার্কেট হয়ে বাসাবোর দিকে এগিয়ে যায়। পরবর্তীতে কমলাপুর স্টেডিয়াম, সায়েদাবাদ বাসস্ট্যান্ড, যাত্রাবাড়ী মোড়, ধোলাইখাল, শহীদ ফারুক সড়ক, দয়াগঞ্জ সড়ক ও নারিন্দা হয়ে রায়সাহেব বাজার মোড়ে পৌঁছায়। সেখান থেকে আদালত সড়ক, নয়া বাজার ও বংশাল রোড হয়ে গুলিস্তান, শাহবাগ, এলিফ্যান্ট রোড এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সড়ক দিয়ে নিউ মার্কেট এলাকায় যান তিনি। এরপর সায়েন্স ল্যাবরেটরি থেকে কলাবাগান, মিরপুর রোড, সীমান্ত স্কয়ার ও জিগাতলা বাসস্ট্যান্ড হয়ে ধানমণ্ডি সাত মসজিদ রোড ধরে ২৭ নম্বর সড়কে প্রবেশ করেন। মানিক মিয়া এভিনিউ, পান্থপথ, ফার্মগেট ও বিজয় সরণি হয়ে মহাখালী সড়কের সার্বিক পরিস্থিতিও প্রধানমন্ত্রীর পর্যবেক্ষণ করার কথা রয়েছে।
পশুবর্জ্য দ্রুত অপসারণের ওপর ঢাকার দুই সিটি কর্পোরেশন প্রতিবছরই বিশেষ জোর দিয়ে থাকে। প্রতিবছর কোরবানির ঈদে বিপুল পরিমাণ বর্জ্য তৈরি হওয়ায় জনস্বাস্থ্য রক্ষা ও পরিবেশ দূষণ রোধে দ্রুত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ। রাষ্ট্রপ্রধানের এই ঝটিকা সফর এবং সরাসরি তদারকি ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের গতি বাড়াতে এবং মাঠ পর্যায়ের কর্মীদের দায়িত্বশীলতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।


