ঝিনাইদহে মাদক ও মৌলবাদের বিরুদ্ধে আইনমন্ত্রীর প্রতিরোধ গড়ার আহ্বান

ঝিনাইদহে মাদক ও মৌলবাদের বিরুদ্ধে আইনমন্ত্রীর প্রতিরোধ গড়ার আহ্বান

জাতীয় ডেস্ক

মাদক ও মৌলবাদের আগ্রাসন থেকে সমাজকে রক্ষা করতে সর্বস্তরের জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি সতর্ক করে বলেছেন, সামাজকে গ্রাস করা এই অপশক্তিগুলোর বিরুদ্ধে এখনই ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।

শুক্রবার (২৯ মে) ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখপাড়া দুঃখী মাহমুদ ডিগ্রি কলেজ প্রাঙ্গণে আয়োজিত এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওই শিক্ষা প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থী হিসেবে স্মৃতিচারণ করে মন্ত্রী সমাজ সংস্কারে তরুণ ও প্রাক্তন শিক্ষার্থীদের ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

বক্তব্যে আইনমন্ত্রী স্থানীয় একটি বিশেষ মহলের নেতিবাচক কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, শৈলকুপার এই অঞ্চলে একটি অপশক্তি ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে এবং বিভ্রান্তিকর অপপ্রচার চালিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এ ধরনের অপতৎপরতা রুখতে এবং মৌলবাদ ও মাদকের বিস্তার ঠেকাতে স্থানীয় জনগণকে সচেতন নাগরিক হিসেবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। সামাজিক অবক্ষয় রোধে তরুণ সমাজকে অগ্রণী ভূমিকা পালন করার তাগিদ দিয়ে তিনি উপস্থিত সবাইকে এই লড়াইয়ে সহযোগী হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের পাশাপাশি শেখপাড়া দুঃখী মাহমুদ ডিগ্রি কলেজের সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথিরাও গ্রামীণ জনপদে শিক্ষার আলো ছড়ানোর পাশাপাশি মাদক ও উগ্রবাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার প্রয়োজনীয়তার সঙ্গে একমত পোষণ করেন। বক্তারা গ্রামীণ এলাকায় আইন-শৃঙ্খলার স্থিতিশীলতা বজায় রাখতে এবং যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে প্রশাসনের পাশাপাশি পারিবারিক ও সামাজিক সচেতনতা বৃদ্ধির তাগিদ দেন।

জাতীয় শীর্ষ সংবাদ