শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ

জাতীয় ডেস্ক

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ওh জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শনিবার। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর একদল বিপথগামী সদস্যের হাতে তিনি নিহত হন। প্রতিবছরের ন্যায় এবারও দিনটি স্মরণে বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো দেশব্যাপী বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।

এ বছর শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিএনপি ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত আট দিনব্যাপী বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে বিশেষ পোস্টার প্রকাশ করা হয়েছে এবং দলীয় নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করছেন। আজ শনিবার ভোর ৬টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের সব স্তরের দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখা এবং কালো পতাকা উত্তোলন করা হয়।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ সকাল ১১টায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্যসহ সর্বস্তরের নেতাকর্মীরা শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন। মাজার প্রাঙ্গণে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে। এছাড়া ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের প্রতিটি থানাসহ দেশের বিভিন্ন ইউনিটে অসচ্ছল ও দুঃস্থ মানুষের মাঝে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণের কর্মসূচি চলমান রয়েছে। আগামীকাল রবিবার বেলা ২টায় রাজধানীর রমনা সংলগ্ন ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে জিয়াউর রহমান অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে সমাদৃত। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অন্যতম সেক্টর কমান্ডার এবং ‘জেড ফোর্সের’ অধিনায়ক হিসেবে তিনি সম্মুখসমরে নেতৃত্ব দেন। স্বাধীনতার পর ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। দেশে বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তন, মুক্তবাজার অর্থনীতি ও বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনৈতিক দর্শনের ভিত্তি স্থাপনে তার ভূমিকা অনস্বীকার্য। এছাড়া দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) গঠনের অন্যতম স্বপ্নদ্রষ্টা ও উদ্যোক্তা ছিলেন তিনি।

তার প্রতিষ্ঠিত দল বিএনপি গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করেছে। বর্তমানে জিয়াউর রহমানের জ্যেষ্ঠপুত্র তারেক রহমান দলের চেয়ারম্যান এবং সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। দেশের রাজনৈতিক ইতিহাসে এ পর্যন্ত পাঁচবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে দলটি। প্রতিবছর ৩০ মে দলীয় নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নানা আয়োজনের মধ্য দিয়ে সাবেক এই রাষ্ট্রপতির অবদান স্মরণ করে।

জাতীয় শীর্ষ সংবাদ