জাতীয় ডেস্ক
পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত ৪৩টি ফিরতি ফ্লাইটের মাধ্যমে মোট ১৭ হাজার ৬৮৯ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৮২ জন এবং বেসরকারি ট্রাভেল এজেন্সির ব্যবস্থাপনায় ১৫ হাজার ৬০৭ জন হাজি রয়েছেন। নির্ধারিত তিনটি বিমান সংস্থার মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১০টি, সাউদিয়া এয়ারলাইনস ১৫টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ১৮টি ফ্লাইট পরিচালনা করেছে। ৩০ মে শুরু হওয়া এই ফিরতি ফ্লাইট কার্যক্রম আগামী ৩০ জুন পর্যন্ত চলবে।
চলতি বছর হজে গিয়ে এখন পর্যন্ত ৪২ জন বাংলাদেশি হাজি মৃত্যুবরণ করেছেন, যার মধ্যে ২৭ জন পুরুষ এবং ১৫ জন নারী। স্থানভেদে ৩২ জন মক্কায় এবং ১০ জন মদিনায় মারা গেছেন। গত ১৮ এপ্রিল শুরু হয়ে ২১ মে হজ ফ্লাইট সমাপ্ত হয় এবং ২৬ জুন হজের আনুষ্ঠানিকতা শেষ হয়।
এদিকে, ঢাকার গুলশান, বনানী ও হাতিরঝিল লেক পরিদর্শন শেষে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, জাতীয় বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে আগামী জুলাই-আগস্ট মাসের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত সময়সূচি নির্ধারণ করা হবে। ২০২৪ সালের আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে ঢাকার দুই সিটি করপোরেশনে নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় প্রশাসনিক কার্যক্রমে যে স্থবিরতা তৈরি হয়েছিল, তা কাটিয়ে উঠতে এই নির্বাচন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রতিমন্ত্রী ঢাকার লেকগুলোর পরিচ্ছন্নতা ও পরিবেশ রক্ষায় ওয়াসার কার্যক্রমের কথা উল্লেখ করে জানান, বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা আধুনিকায়নে স্যুয়ারেজ লাইনগুলোকে দাসেরকান্দি শোধনাগারে স্থানান্তরের পরিকল্পনা চলছে, যা দ্রুতই একনেক সভায় অনুমোদনের জন্য উথাপিত হবে। এছাড়া, হাতিরঝিলের দূষণ রোধে এখন থেকে নতুন ভবনগুলোতে বাধ্যতামূলকভাবে স্যুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি) স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।
শহরের পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে ঢাকার দুই সিটি করপোরেশনের কাজে গাফিলতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে মন্ত্রণালয়। ইতিমধ্যে দায়িত্ব অবহেলার দায়ে দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলীসহ ৩ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। বর্জ্য অপসারণের জন্য নির্ধারিত ৪৮ ঘণ্টার সময়সীমা শেষ হওয়ার পর বর্তমানে মন্ত্রণালয়ের ২০টি বিশেষ টিম পরিচ্ছন্নতা কার্যক্রম তদারকি করছে। ডেঙ্গুর লার্ভা ধ্বংস ও উৎপত্তিস্থল চিহ্নিতকরণে মশক নিধন কার্যক্রম জোরদার করার পাশাপাশি এই সংকট মোকাবিলায় নগরবাসীর সক্রিয় সহযোগিতা আহ্বান করা হয়েছে।


