জাতীয় ডেস্ক
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) চেয়ারম্যান পদে প্রকৌশলী মো. রেজাউল করিমকে আরও এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (১ জুন) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। ‘সরকারি চাকরি আইন, ২০১৮’-এর ৪৯ ধারা অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, মো. রেজাউল করিমের অবসরোত্তর ছুটি ও সংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত করার শর্তে এই নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে। যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর তিনি এই পদে দায়িত্ব পালন করবেন এবং নিয়োগের অন্যান্য শর্তাবলি চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
ইতোমধ্যেই এই প্রজ্ঞাপনের অনুলিপি মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব, পরিবহন কমিশনার এবং কর অঞ্চলসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।
প্রকৌশলী মো. রেজাউল করিম ২০২৪ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ৩৯তম চেয়ারম্যান হিসেবে প্রথম দায়িত্ব গ্রহণ করেছিলেন। এর আগে তিনি পিডিবির সদস্য (বিতরণ) হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেন। বিদ্যুৎ খাতের সামগ্রিক উন্নয়ন এবং চলমান প্রকল্পগুলো নিরবচ্ছিন্নভাবে এগিয়ে নেওয়ার লক্ষ্যে অভিজ্ঞ এই কর্মকর্তাকে পুনরায় বোর্ডের শীর্ষ পদে বহাল রাখা হলো বলে মনে করছেন সংশ্লিষ্ট খাত বিশেষজ্ঞরা।


