জাতীয় ডেস্ক
একটি মহল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সর্বস্তরের জনগণকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার (৩ জুন) দুপুরে ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলা বাস্তবায়নের দাবিতে আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “আমরা যখন তারেক রহমানের নেতৃত্বে নতুন করে দেশ গড়ার কাজ শুরু করেছি, তখন একটি মহল দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। আমি আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি, তারা যেন কোনোভাবেই সফল হতে না পারে। এ বিষয়ে সবাইকে অত্যন্ত সতর্ক ও সজাগ থাকতে হবে, যাতে কেউ বিভ্রান্ত ছড়াতে না পারে।”
বক্তব্যে সরকারের উন্নয়ন ও সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচির কথা উল্লেখ করে তিনি বলেন, “তারেক রহমানের সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের সরকার। আমরা জনগণের কাছে যেসব অঙ্গীকার করেছি, সেগুলো পূরণে আন্তরিকভাবে কাজ করছি।”
তিনি আরও জানান, দল ও সরকারের পক্ষ থেকে অতীতে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ইতোমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং দেশব্যাপী খাল খনন কর্মসূচির মতো জনকল্যাণমূলক কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া অন্যান্য নির্বাচনী ও নীতিগত প্রতিশ্রুতিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের জন্য সরকার প্রয়োজনীয় প্রশাসনিক ও অর্থনৈতিক উদ্যোগ গ্রহণ করেছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নতুন রাজনৈতিক ও প্রশাসনিক প্রেক্ষাপটে দেশের সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং সরকারের ঘোষিত সংস্কার ও উন্নয়ন কর্মসূচিগুলো এগিয়ে নেওয়া প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ। বিশেষ করে স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়ন ও প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে সরকারের এই কার্ড ব্যবস্থা ও সেচ উন্নয়ন প্রকল্পগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং রুহিয়া অঞ্চলের সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। বক্তারা রুহিয়াকে পূর্ণাঙ্গ উপজেলা হিসেবে দ্রুত বাস্তবায়নের দাবি জানান এবং সরকারের উন্নয়নমুখী পদক্ষেপের প্রতি সংহতি প্রকাশ করেন।


