ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসির তিন মাসের বিশেষ অভিযান শুরু: ২৮ ওয়ার্ড অধিক ঝুঁকিপূর্ণ

ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসির তিন মাসের বিশেষ অভিযান শুরু: ২৮ ওয়ার্ড অধিক ঝুঁকিপূর্ণ

নগর উন্নয়ন ও স্থানীয় সরকার ডেস্ক

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) আওতাধীন ৭৫টি ওয়ার্ডের মধ্যে ২৮টি ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছেন সংস্থার প্রশাসক আবদুস সালাম। ডেঙ্গুর প্রকোপ বাড়ার আগেই তা প্রতিরোধে সিটি কর্পোরেশনের পাশাপাশি সর্বসাধারণকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার রাজধানীর রবীন্দ্র সরোবরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ পরিচ্ছন্নতা ও মশা নিধন অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধনকালে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে প্রশাসক এ তথ্য জানান।

ডিএসসিসি প্রশাসক জানান, সরকারি জরিপ ও আগাম সতর্কবার্তা অনুযায়ী মৌসুম শুরুর আগেই ডেঙ্গু প্রতিরোধে বিশেষ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। স্বাস্থ্য বিভাগ ও সিটি কর্পোরেশন যৌথভাবে মাঠপর্যায়ে ডেঙ্গুর উৎস ধ্বংসকরণে কাজ করছে। তবে লার্ভা ধ্বংস এবং এডিস মশার বংশবিস্তার রোধে কেবল প্রাতিষ্ঠানিক উদ্যোগ যথেষ্ট নয়। ডেঙ্গু নির্মূলে ৫০ শতাংশ দায়িত্ব সিটি কর্পোরেশনের এবং বাকি ৫০ শতাংশ দায়িত্ব নাগরিকদের ব্যক্তিগত সচেতনতার ওপর নির্ভর করে। ঘরের আঙিনা পরিষ্কার রাখা এবং জমা পানি অপসারণে সাধারণ মানুষকে আরও দায়িত্বশীল হতে হবে।

অনুষ্ঠানে ঢাকা শহরের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও কথা বলেন প্রশাসক। তিনি উল্লেখ করেন, নির্দিষ্ট সময়ের পর যত্রতত্র আবর্জনা ফেলার কারণে নগরী পরিচ্ছন্ন রাখা চ্যালেঞ্জিং হয়ে পড়ছে। রাত্রিকালীন পরিচ্ছন্নতা কার্যক্রমের পর দিনে পুনরায় বর্জ্য ফেলায় জনদুর্ভোগ সৃষ্টি হয়। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে নাগরিক সচেতনতা বৃদ্ধি এবং নির্ধারিত স্থানে বর্জ্য ফেলার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি। তিন মাসব্যাপী এই বিশেষ অভিযানে ডিএসসিসির ঝুঁকিপূর্ণ ওয়ার্ডগুলোতে মশক নিধন কার্যক্রম এবং জনসচেতনতামূলক প্রচারণা জোরদার করা হবে।

জাতীয় শীর্ষ সংবাদ