সড়ক দুর্ঘটনা রোধে জনসাধারণের সচেতনতার ওপর গুরুত্বারোপ তথ্য প্রতিমন্ত্রীর

সড়ক দুর্ঘটনা রোধে জনসাধারণের সচেতনতার ওপর গুরুত্বারোপ তথ্য প্রতিমন্ত্রীর

জাতীয় ডেস্ক

সড়ক দুর্ঘটনাজনিত ক্ষতি অপূরণীয় এবং তা কোনো আর্থিক সহযোগিতা বা অন্য কোনো বিনিময়ে পূরণ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি উল্লেখ করেছেন, কেবল সরকারি বা প্রাতিষ্ঠানিক উদ্যোগের ওপর নির্ভরশীল না থেকে সামগ্রিকভাবে জনসাধারণের সকল পর্যায়ে সচেতনতা বৃদ্ধি পেলে দেশে সড়ক দুর্ঘটনার হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।

শুক্রবার দুপুরে ময়মনসিংহ নগরীর জেলা পরিষদ মিলনায়তনে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে আর্থিক অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসন এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে সড়ক দুর্ঘটনার শিকার ৫০ জন ভুক্তভোগী ও তাদের পরিবারের মাঝে মোট ১ কোটি ৯৬ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

তথ্য প্রতিমন্ত্রী তার বক্তব্যে সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে নাগরিক দায়িত্বের ওপর বিশেষ জোর দেন। তিনি বলেন, বর্তমান সরকার সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের আর্থিক ও সামাজিকভাবে সহযোগিতা দিয়ে যাচ্ছে, তবে দুর্ঘটনা প্রতিরোধে ব্যক্তিসচেতনতা সবচেয়ে বেশি জরুরি। রাস্তা পারাপারের সময় পথচারীদের সতর্ক থাকা, ফুটপাত ও মহাসড়কের পাশে অবৈধভাবে দোকানপাট স্থাপন না করা এবং ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান তিনি। একই সঙ্গে গাড়ি চালকদের সতর্কতার সঙ্গে যানবাহন চালানোর নির্দেশনা দিয়ে চালক ও পথচারী উভয়কেই মোবাইল ফোনে কথা বলা অবস্থায় রাস্তা পারাপার বা গাড়ি চালানো থেকে বিরত থাকার তাগিদ দেন। এছাড়া যানবাহন চালানোর সময় সিটবেল্ট ব্যবহারের বাধ্যবাধকতার বিষয়টিও তিনি স্মরণ করিয়ে দেন।

অনুষ্ঠানে ময়মনসিংহের বিভাগীয় কমিশনার এস. এম হুমায়ুন কবির সভাপতিত্ব করেন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনেওয়াজ অপু এটি সঞ্চালনা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন জেলা প্রশাসক (ডিসি) সাইফুর রহমান, পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ কামরুল হাসান, জেলা মটর মালিক সমিতির সভাপতি আব্দুর রব আকন্দ, শ্রমিক ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম ও বিআরটিএ কর্মকর্তা ইফাত হাসেম। এছাড়া ক্ষতিগ্রস্ত যাত্রীদের পক্ষে গোলাম মওলা তার অনুভূতির কথা ব্যক্ত করেন। বক্তারা সড়ক অবকাঠামোর উন্নয়ন ও আইন প্রয়োগের পাশাপাশি চালক ও পথচারীদের মানসিকতার পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করেন।

জাতীয় শীর্ষ সংবাদ